৩২ বলে সেঞ্চুরি আর ১১ চার ১৫ ছক্কার বিধ্বংসী এক ইনিংস

ভৈভাব সুরিয়ানভানশি – নামটা আইপিএলের কারণে এরই মধ্যে ক্রিকেটবিশ্বে পরিচিত। ১৩ বছর বয়সে আইপিএল নিলামে কোটি রূপির বেশিতে বিক্রি হয়েই শিরোনামে জায়গা করে নিয়েছিলেন, এরপর তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখে বিস্ময়ে মুগ্ধ হয়েছে ক্রিকেট। গত আইপিএলেই ৩৫ বলে সেঞ্চুরি করে সুরিয়াভানশি বুঝিয়ে দিয়েছিলেন, ভারতের ক্রিকেট আগামী দিনে কী পেতে যাচ্ছে!

তাতে যদি প্রমাণের কমতি হয়ে থাকে, প্রতিশ্রুতির ঝলক আজ এশিয়া কাপ রাইজিং স্টার্স-এ ভারতের ‘এ’ দলের হয়ে আরেকবার রেখেছেন সুরিয়াভানশি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৩২ বলেই সেঞ্চুরি করে বসেছেন ১৪ বছর বয়সী সুরিয়াভানশি। সেঞ্চুরির পর আরও ১০ বল টিকেছেন, শেষ পর্যন্ত ৪২ বলে তাঁর ইনিংস দেখেছে ১৪৪ রান! ইনিংসে ছক্কা ১৫টি, চার ১১টি!

সুরিয়াভানশির বিধ্বংসী সেঞ্চুরি আর চারে নামা অধিনায়ক জিতেশ শার্মার ৩২ বলে ৮৩ রানের ঝড়ে ভারত নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ২৯৭ রান তুলেছে!

সুরিয়াভানশির এই ইনিংসের পর রেকর্ডের বই নিয়ে যে নাড়াচাড়া হবে, তা তো জানা কথাই। ভারতের পুরুষ ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে এটা যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি! ইনিংসে ১৪৪ রান টি-টোয়েন্টিতে কোনো ভারতীয়র চতুর্থ সর্বোচ্চ।

ভারতের পুরুষ ক্রিকেটারদের মধ্যে গুজরাটের হয়ে উরভিল প্যাটেল আর পাঞ্জাবের হয়ে আভিষেক শার্মা – দুজনই ২৮ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন, দুজনের রেকর্ডই এসেছে ২০২৪ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। এর বাইরে ২০১৮ সালে দিল্লির হয়ে ঋষাভ পান্ত ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন।

সব মিলিয়ে ছেলেদের টি-টোয়েন্টিতে সুরিয়াভানশির আজকের এই সেঞ্চুরি যৌথভাবে পঞ্চম দ্রুততম।

এই সেঞ্চুরির পথে বাংলাদেশের মুশফিকুর রহিমের একটা রেকর্ডও কেড়ে নিয়েছেন সুরিয়াভানশি। ভারতের ছেলেদের প্রতিনিধিত্বকারী যেকোনো দলের সিনিয়র পর্যায়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটা এখন সুরিয়াভানশির, আজ তাঁর বয়স ১৪ বছর ২৩২ দিন। আগের রেকর্ডটি ছিল মুশফিকের, ২০০৫ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের অপরাজিত ১১১ করার দিনে মুশফিকের বয়স ছিল ১৬ বছর ১৭১ দিন।

মজার ব্যাপার কী, আজ মুখোমুখি প্রথম বলেই ক্যাচ দিয়েছিলেন সুরিয়াভানশি, কিন্তু বেঁচে যান। এরপর যে ঝড় তুললেন, তাতে আমিরাতের ক্রিকেটাররা এটাকেই ভাগ্য মানতে পারেন যে সুরিয়াভানশি ১৩তম ওভারে আউট হয়ে গেছেন! তাঁর ৩৪২.৮৫ স্ট্রাইক রেটের ইনিংসটা ছেলেদের টি-টোয়েন্টিতে ১০০-এর বেশি স্কোর দেখা ইনিংসগুলোর মধ্যে চতুর্থ সর্বোচ্চ!

সুরিয়াভানশির বিধ্বংসী ইনিংস আর পরে জিতেশ শার্মার ঝড় মিলিয়ে ভারত যে ২৯৭ রান তুলেছে, তাতেও রেকর্ড বইয়ে নড়চড় – ছেলেদের টি-টোয়েন্টিতে এটা যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ ইনিংস।

জবাবে আমিরাত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান তুলেছে।