কোহলির দেখানো পথে খরা কাটিয়ে কোহলির পেছনেই থাকলেন বাবর আজম

২০১৯ সালের ২৩ নভেম্বর থেকে শুরু করে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর- মাঝের এই ৩৩ মাসের বেশি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩টি ইনিংস ব্যাটিং করেও সেঞ্চুরির দেখা পাননি বিরাট কোহলি। গত মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯ রানে আউট হয়ে ভারতীয় কিংবদন্তিতে ছুঁয়েছেন বাবর আজম। জাতীয় দলের জার্সিতে পাকিস্তানি এ ব্যাটসম্যানের সেঞ্চুরি খরাও বাড়তে বাড়তে ঠিক ৮৩ ইনিংসে পৌঁছে যায়।

কোহলি যেমন ৮৪তম ইনিংসে গিয়ে খরা কাটিয়েছিলেন, তেমনি কোহলির দেখানো পথেই হেঁটেছেন বাবর আজম। ঠিক ৮৩ ইনিংস পর, গতকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিন অঙ্ক ছুঁয়েছেন বাবর। তাতে রেকর্ড বইয়েও উঠেছে ৩১ বছর ডানহাতি ব্যাটসম্যানের নাম।

বাবরের সেঞ্চুরির দিনে পাকিস্তান ম্যাচটা জিতেছে হেসেখেলে। রাওয়ালপিন্ডিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৮ রান তুলছিল শ্রীলঙ্কা। পাকিস্তান সে রান পেরিয়ে গেছে ইনিংসের ১০ বল ও ৮ উইকেট হাতে রেখে। একইসঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান।

আগে ব্যাটিং করা শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন আটজন। কিন্তু ফিফটি পেরোতে পেরেছেন শুধু জানিথ লিয়াঙ্গে (৬৩ বলে ৫৪ রান)। এরমধ্যে কামিন্দু মেন্ডিস (৩৮ বলে ৪৪) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা বাদে (২৬ বলে ৩৭) বাকি সবারই স্ট্রাইকরেট ছিল ৯০ এর নিচে। সে কারণেই হাতে উইকেট থাকলেও পুরো ৫০ ওভার ব্যাটিং করেও ২৯০ এর নিচে আটকে যায় শ্রীলঙ্কা।

রান তাড়ায় পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন ফখর জামান ও সাইম আইয়ুব। দুজনের উদ্বোধনী জুটিতে ৯.৪ ওভারে ৭৭ রান পায় পাকিস্তান। আইয়ুব ২৫ বলে ৩৩ রান করে আউট হলে উইকেটে যান বাবর। ফখরের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ১০০ রান যোগ করেন তিনি।

দলকে ১৭৭ রানে রেখে বিদায় নেন ৯৩ বলে ৭৮ রান করা ফখর। তখন জয় থেকে ১১২ রান দূরে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বাবর।

সে পথে রিজওয়ান ৫৩ বলে ফিফটি ছুঁয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫১ রানে (৫৪ বল)। আর বাবর তুলে নেন দীর্ঘ আক্ষেপের সেঞ্চুরি (১১৫ বলে)। মাঠ ছাড়ার সময় বাবরের নামের পাশে ১১৯ বলে ১০২ রান।

জাতীয় দলের জার্সিতে এটি ছিল ওয়ানডেতে বাবরের ২০তম সেঞ্চুরি। ৮০৭ দিন পর পাওয়া এ সেঞ্চুরিতে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে সাবেক ওপেনার সাঈদ আনোয়ারকে (২০টি) ছুঁয়েছেন বাবর।

২০তম সেঞ্চুরির দেখা পেতে সাঈদ আনোয়ারকে খেলতে হয়েছে ২৪৪টি ওয়ানডে ইনিংস। সাবেক ওপেনারের চেয়ে ১০৮ ইনিংস কম খেলেই সে রেকর্ড ছুঁলেন বাবর (১৩৬ ইনিংস)। আর ওয়ানডে ইতিহাসে বাবরের চেয়ে কম ইনিংসে ২০টি সেঞ্চুরি করতে পেরেছেন শুধু দুজন- বিরাট কোহলি (১৩৩) ও হাশিম আমলা (১০৮)।