পাকিস্তান কিছু বুঝেই উঠতে পারল না, তার আগেই দুবার ধাক্কা দিল বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে টস জিতে পাকিস্তানের ‘এ’ দল পাকিস্তান শাহিনসকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ 'এ' দল। কিন্তু পাকিস্তান ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই বাংলাদেশ দিয়েছে দুই ধাক্কা। প্রথম বলেই রানআউট হয়ে গেছেন পাকিস্তানের ওপেনার ইয়াসির খান। এরপর দ্বিতীয় ওভারের প্রথম বলেই আবার ধাক্কা
! মোহাম্মদ ফাইককে বোল্ড করে দিয়েছেন মেহেরব হোসেন!  

অবশ্য দুই ব্যাটসম্যানের কেউই টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। ইয়াসির আজকের আগে যে তিন ম্যাচে সুযোগ পেয়েছেন, তাতে রান করেছেন ২৬, ১১ ও ৬। ফাইকও আজকের আগে তিন ম্যাচে সুযোগ পেয়ে তাতে রান করেছেন ১৯, ১৬* ও ৭।

প্রথম ওভারে রিপন মণ্ডলের বলটা মিড অনে ঠেলে দ্রুত রান নিতে দৌড়েছিলেন ইয়াসির। কিন্তু তৎপর থাকা বাংলাদেশি ফিল্ডার আবদুল গাফফার সাকলাইন দারুণ ক্ষিপ্রতায় গিয়ে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্প ভেঙে দেন, তখনো ক্রিজ থেকে অনেক দূরে ইয়াসির। প্রথম বলেই উইকেট গেল! সেই ওভারে ২ রান পেয়েছে পাকিস্তান।

এরপর দ্বিতীয় ওভারের প্রথম বলে অফসাইডে খেলতে চেয়েছিলেন ফাইক, বল তাঁর ব্যাট আর প্যাডের ফাঁক গলে আঘাত করল স্টাম্পে! এই ওভারে পাকিস্তান রান পেয়েছে ৮।

রিপনের করা তৃতীয় ওভারেই স্বস্তিতে ছিলেন না ব্যাটসম্যানরা। দুবার এজ হয়েছে, দুবার ক্যাচ উঠলেও ফিল্ডার না থাকায় বেঁচে গেছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখার সময়ে তিন ওভার শেষে পাকিস্তান শাহিনসের রান ২ উইকেটে ১৮।

 

ফাইনালে বাংলাদেশের স্কোয়াড  

জিশান আলম, হাবিবুর রহমান সোহান, ইয়াসির আলী, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, মাহিদুল ইসলাম, মেহেরব হোসেন, মাহফুজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল, আবদুল গাফফার সাকলাইন।