শুধু নাটক বললে বোধহয় কম হবে। এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহিনসের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে যা হয়েছে, সেটা শ্বাসরুদ্ধকর কোনো থ্রিলার উপন্যাসকেও হার মানাবে। টুর্নামেন্টের সেমিফাইনালেও এমন এক নাটকের সাক্ষী হয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওই ম্যাচে ভাগ্য আকবর আলীদের পক্ষে থাকলেও পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ভাগ্যকে পাশে পায়নি বাংলাদেশ।
প্রায় হারতে বসা ম্যাচ ড্র করে সুপার ওভারে নিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শিরোপার খুব কাছে গিয়েও সুপার ওভারে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। তাতে টুর্নামেন্ট ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে তৃতীয়বারের মতো এশিয়া কাপ রাইজিং স্টারসের শিরোপা জিতেছে পাকিস্তান।
গতকালের ম্যাচে আসলে কী হয়েছে? আগে ব্যাটিং করা পাকিস্তানকে মোটে ১২৫ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। তখন মনে হয়েছিল, বাংলাদেশ ম্যাচটা হেসেখেলে জিতে টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতবে। এর আগে ২০১৯ সালের এই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার বোধহয় সেটার প্রতিশোধ নেবেন আকবর আলীরা- এমনটাই মনে করেছিলেন বাংলাদেশি সমর্থকেরা।
রান তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটাও হয়েছিল ঝড়ো। হাবিবুর রহমান সোহান-জিসান আলমের উদ্বোধনী জুটিতে ২.৩ ওভারে ২২ রান পায় বাংলাদেশ। সেখান থেকে হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে ৫৩ রানে ৭ উইকেট নেই বাংলাদেশের। ম্যাচের পাল্লা পুরোপুরি হেলে যায় পাকিস্তানের দিকে। এমন পরিস্থিতি থেকে বাংলাদেশকে টেনে তোলেন মেহেরব-রকিবুল। দুজনের ৩৭ রানের জুটিতে নিভু নিভু আশার সলতে আবারও জ্বালানি পেতে থাকে।
ইনিংসের ১৬তম ওভারে মেহেরবকে আউট করলেন দানিয়েল। পরের ওভারে ক্যাচ দিয়েও বেঁচে যান আব্দুল গফফার সাকলাইন। শেষ ৩ ওভারে ৩০ রান দরকার বাংলাদেশের, হাতে মোটে দুই উইকেট। পাকিস্তানি সমর্থকেরা এরই মধ্যে উৎসব শুরু করে দিয়েছেন। ১৮তম ওভারে দানিয়াল এসে ১ উইকেট নিয়ে মোটে ৩ রান দিলেন। পাকিস্তানের জয় সময়ের অপেক্ষাই মনে হচ্ছিল।
তবে ম্যাচের গতিপথ পাল্টে যায় শহীদ আজিজের করা ১৯তম ওভারে। সাকলাইন-রিপন মন্ডল মিলে ৩ ছক্কায় ২০ রান তুলে পাকিস্তানি সমর্থকদের উৎসব থামিয়ে দেন। ততক্ষণে জেগে উঠেছেন বাংলাদেশি সমর্থকেরা। শেষ ওভারে জয়ের জন্য ৭ রানের সমীকরণ বাংলাদেশের। তবে আহমেদ দানিয়েলের দুর্দান্ত বোলিংয়ে ৬ রান নিতে পারে বাংলাদেশ। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নামেন হাবিবুর রহমান সোহান ও সাকলাইন। বোলিংয়ে পাকিস্তানের দানিয়েল। প্রথম বলে সিঙ্গেল নেন সোহান। পরের বলে সাকলাইনের ক্যাচ নিজেই মুঠোবন্দি করেন দানিয়েল। বাংলাদেশের স্কোরেবার্ডে ১ উইকেটে ১ রান। পরের বলে দানিয়েলের ওয়াইড, উইকেটকিপার ধরতে না পারায় একটা বোনাস চারও পায় বাংলাদেশ। তাতে স্কোরবোর্ডে রান তখন ৬। কিন্তু রানটাকে আর বাড়াতে পারেনি বাংলাদেশ। দানিয়েলের তৃতীয় বলে বোল্ড হন জিসান আলম।
সুপারওভারে পাকিস্তানের লক্ষ্য ৭ রান। রিপন মণ্ডল প্রথম দুই বলে দারুণ দুটি ইয়র্কারে মোটে ২ রান দেন। তবে তৃতীয় ডেলিভারিতে ফুলটস দিয়ে বসেন রিপন, সেটাকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে সীমানাছাড়া করেন মাসুদ। পরের বলে সিঙ্গেল নিয়ে উদযাপনে মেতে ওঠে পাকিস্তান।