রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে শিরোপার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ ‘এ’ দল। ফাইনালে সুপার ওভারের নাটকীয়তার আগে ভারতের বিপক্ষে সেমিফাইনালেও একই ঘটনা(সুপার ওভার) ঘটেছিল। পাকিস্তানের বিপক্ষে হেরে বাংলাদেশ রানার্সআপ হলেও পুরো টুর্নামেন্টে বাংলাদেশের একাধিক ভুল আলোচনার জন্ম দিয়েছে। যার একটি সেমিফাইনালে অধিনায়ক আকবর আলীর রান আউটের সুযোগ হাতছাড়া করে ভারতকে খেলা সুপার ওভারে নিয়ে যাওয়ার দৃশ্যপট তৈরি করে দেওয়া।
সেই ঘটনা অতীত হলেও আজ এটি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন অধিনায়ক আকবর আলী, জানিয়েছেন তখন কেন এমন হয়েছিল তার কোনো ব্যাখ্যা নেই।
কাতারের দোহা থেকে দেশে ফেরার পর অধিনায়ক আকবর এশিয়া কাপে দলের যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে উঠে এসেছিল ভারতের বিপক্ষে তাঁর সেই থ্রোয়ের প্রসঙ্গ। বিমানবন্দরে এই ব্যাপারে সাংবাদিকদের আকবর আলী বলেন, ‘সেই মুহূর্তে কী হয়েছে, আমি নিজেও জানি না। কেন করেছি, কোনো ব্যাখ্যাও নেই আমার কাছে। সেটা শুধু হয়েই গেছে। অবশ্যই যেই ভুলটা আমি করেছি ১২ বছরের বাচ্চাদেরও ভুল না।’
সেমিফাইনাল ও ফাইনাল দুই ম্যাচেই সুপার ওভারে টানা দুই ম্যাচে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতা দেখেছে। দুই ম্যাচেই সুপার ওভারে বাংলাদেশের ব্যাটারদের ব্যাট থেকে আসে ১ রান। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৬ রানের ৫ রান বাংলাদেশ পেয়েছে ওয়াইড থেকে।
এমন ব্যাটিং ব্যর্থতা নিয়ে আকবর বলেন, ‘আমার মনে হয় না সুপার ওভারে কোনো দলই এরকম অভ্যস্ত। সুপার ওভার হয়ই কালেভদ্রে। তবে এটা খুবই বিরল ঘটনা যে আমরা টানা দুইটা সুপার ওভার খেলেছি। প্রথম ম্যাচে তো এক রানই লক্ষ্য ছিল। ভারত-পাকিস্তান-আমরা, যাদের কথাই বলুন, সুপার ওভারে যখন আপনি যাবেন, শট খেলতেই হবে। সেখানে আপনাকে বেশি ঝুঁকিপূর্ণ শটই খেলতে হয়। অনেক সময় কাজ করে। আবার কাজ করে না। আমি সেভাবেই দেখছি ব্যাপারটা।’
বাংলাদেশ শিরোপা না জিতলেও বেশির ভাগ সময় ভালো ক্রিকেট খেলেছে বলে দাবি করেছেন আকবর আলী, ‘ফাইনালে জেতার মতো অবস্থায় ছিলাম। তবে সব মিলিয়ে আমার মনে হয় যে বেশির ভাগ সময় আমরা ভালো ক্রিকেট খেলেছি। অবশ্যই ফাইনালটা যদি জিততে পারতাম আর কোনো কোনো ম্যাচে ভুল কম করতাম, তাহলে বলতে পারতাম যে পারফেক্ট টুর্নামেন্ট খেলে ফেলেছি। কিন্তু সেটা বলছি না।’