মুশফিকুর রহিমের বয়স ৩৮ হয়ে গেছে ঠিকই। বিপিএল নিলামে তাঁকে নিয়ে আগের মতো হুড়োহুড়ি পড়ে যাবে না, সেটা হয়তো অনুমিতই ছিল। কিন্তু বিপিএলে তাঁকে নিয়ে কোনো দল আগ্রহই দেখাবে না, এটাও হয়তো কেউ ভাবেননি। কিন্তু বিপিএল নিলামে আজ প্রথমে সেটাই হয়েছে।
নিলামে ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিমকে নিতে প্রথমে কোনো দলই আগ্রহ দেখায়নি। একই অবস্থা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদেরও। দুজনই প্রথম দফায় অবিক্রিত থেকে যান।
এমন পরিস্থিতিতে নিলামে তাঁদের নাম ওঠা এবং অবিক্রিত থাকার কিছুক্ষণ পর ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন মুশফিক। বিপিএল বা কোনো কিছুর নাম বা ইঙ্গিত নেই সেখানে, শুধু লিখেছেন ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
কিন্তু তিন শব্দের এই স্ট্যাটাস নিয়েই এরপর ক্রিকেটপাড়ায় শুরু হলো আলোচনা। এমনই দ্ব্যর্থবোধক এক স্ট্যাটাস যে একে বিপিএল নিলামের সঙ্গে মেলানোর কোনো উপায় কাগজে-কলমে নেই। এই স্ট্যাটাস মুশফিকের জীবনের সার্বিক প্রাপ্তিতে তৃপ্তি নিয়ে হতে পারে, এমন যুক্তি কেউ দেখাতেই পারেন এবং তাঁকে ভুল বলার কোনো উপায় থাকবে না। আবার স্ট্যাটাসটার ‘টাইমিং’ আর এত বছরে মুশফিকের বারেবারে প্রমাণিত অভিমানি মানসিকতা মিলিয়ে এটি যে বিপিএল নিলামে তাঁর দল না পাওয়া নিয়ে শ্লেষাত্মক স্ট্যাটাস নয়, তা-ইবা কে বলবে!
তবে বিপিএল নিলামের অদ্ভুত নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় প্রথমে অবিক্রিত থাকলেও পরে আবার প্রয়োজন ও আগ্রহ সাপেক্ষে তাঁকে নিলামে ওঠানো যাবে, তবে সে ক্ষেত্রে তাঁর ক্যাটাগরিতে এক ধাপ অবনমন হবে। অর্থাৎ, মুশফিক ও মাহমুদউল্লাহ দুজনই পরের দফায় ‘বি’ ক্যাটাগরির বদলে নিলামে উঠবেন ‘সি’ ক্যাটাগরির হয়ে!