হেলেদুলে হাঁটা পথের দূরত্বে ঘোড়া ছোটাল বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে তো হেরেই গিয়েছিল, দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতলেও লড়াই করতে হয়েছিল বাংলাদেশকে। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডকে পাত্তাই দিলেন না লিটন-তামিমরা! 

আগে বোলিং করে মাত্র ১১৭ রানেই আইরিশদের অলআউট করে দেয় বাংলাদেশ, জয়ের ভিত সেখানেই গড়া হয়ে যায়। ১২০ বলে ১১৮ রানের লক্ষ্য – হেলেদুলে হেঁটে অতিক্রম করার মতো দূরত্ব। কিন্তু ফিল্ডিংয়ে পাঁচ ক্যাচ নিয়ে যৌথভাবে বিশ্বরেকর্ড গড়া তানজিদ তামিম ব্যাট হাতেও আজ এমন ঝড় তুললেন যে, এই অল্প দূরত্বেই যেন ঘোড়া ছোটাল বাংলাদেশ। তামিম ৩৬ বলে ৪ চার ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত ছিলেন, তাতে বাংলাদেশ ৩৮ বল হাতে রেখেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে।
 
২ রান (৫ বল), ৭ রান (১০ বল) - প্রথম দুই টি-টোয়েন্টিতে এটিই ছিল তানজিদ হাসান তামিমের স্কোর। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ তাঁর আগে অফ ফর্মে দলের ওপেনার - এমন আলোচনার মাঝেই আজ ব্যাটিংয়ে নামার আগেই বিশ্ব রেকর্ডে নাম লেখান তামিম। 

এরপর ব্যাট হাতেও দেখা দিলেন ভয়ংকর রূপে। ৩৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় সিরিজের প্রথম ফিফটির দেখা পান বাংলাদেশের এই ওপেনার। 

১১৮ রানের লক্ষ্যে নেমে ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তামিম ও সাইফ হাসান। আইরিশ বোলারদের একের পর এক বাউন্ডারি পার করাতে থাকা বাংলাদেশ অবশ্য ইনিংসের চতুর্থ ওভারে ধাক্কা খায় সাইফ হাসানকে হারিয়ে। ২ চার ও ১ ছক্কায় ১১ বলে ১৯ রান করা সাইফ ক্যাচ দিয়ে ফেরেন ক্রেইগ ইয়াংয়ের বলে। 

দ্বিতীয় উইকেটে ক্রিজে নেমে আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে অধিনায়ক লিটন দাস ফিরেছেন মাত্র ৭ রানে। ইনিংসের ষষ্ঠ ওভারে ডেলানির বলে বড় শট খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। দলীয় ৪৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। 

পাওয়ার প্লে-র ৬ ওভারে৪৮ রান তোলা বাংলাদেশ আইরিশদের মাঝ ওভারে ম্যাচে ফিরতে দেয়নি। তৃতীয় উইকেটে পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে নিজের সামর্থ্য দেখিয়েছেন প্রথম দুই ম্যাচে রান না পাওয়া তামিম। 

আইরিশদের বোলারদের ওপর চড়াও হয়ে ১০ ওভারে স্কোরবোর্ডে ৭৯ রান তুলে জয়ের ভিত গড়ে দেন ইমন-তামিম জুটি। তামিমের ৩৬ বলে ৫৫ ও ইমনের ২৬ বলে ৩৩ রানের ইনিংসে ১৪তম ওভারেই জয় পেয়ে যায় বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। 

এর আগে বল করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লেতে শুরুর দিকে আইরিশদের স্কোর বিনা উইকেটে ৩৮ রান যখন অনেকেই ভেবেছিলেন ফের বড় সংগ্রহ পেতে যাচ্ছে সফরকারীরা। কিন্তু মাঝ ওভারে রিশাদ হোসেন ও শেষ দিকে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত কামব্যাকে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। 

রিশাদ-মোস্তাফিজ ৩ টি করে উইকেট নিলেও প্রথম ইনিংসে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন তানজিদ হাসান তামিম। আজ বাংলাদেশের এই ওপেনার ক্যাচ নিয়েছেন ৫টি, যা এক ম্যাচে কোনো ফিল্ডারের যৌথভাবে সর্বোচ্চ। পূর্ণ সদস্যের দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এক ম্যাচে ৫টি ক্যাচ ধরার ঘটনা এটিই প্রথম।