অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশের যুবারা। আজকের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছিল বাংলাদেশের সেমিফাইনালের প্রতিপক্ষ। অন্য গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা ভারত-পাকিস্তানের মধ্যে কে হবে বাংলাদেশের প্রতিপক্ষ, তার অবসান ঘটেছে আজ।
দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জেতা আজিজুল হাকিম তামিমের দল আজ নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকেও দাপটের সঙ্গে হারিয়েছে। লঙ্কানরা বাংলাদেশের দেওয়া ২২৬ রানের লক্ষ্যে নেমে ১৮৬ রানেই গুটিয়ে যায়। ৩৯ রানের জয়ে তিন ম্যাচে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ।
দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে বাংলাদেশের দেয়া ২২৬ রানের লক্ষ্যে নেমে ভালো সূচনা পেয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ৫ ওভারে বিনা উইকেটে ২৩ রান তুলে লঙ্কান দুই ওপেনার ভিরান চামুদিতা ও দিমান্থা মাহাভিথানা বাংলাদেশের ওপর খানিকটা চাপ তৈরি করে। তবে সপ্তম ওভারে পেসার ইকবাল হোসেন ইমন চামুদিতাকে প্যাভিলিয়নের পথ দেখান। ২১ বলে ১২ রান করে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।
ইমনের পর পরের ওভারে লঙ্কানদের আরও চাপে ফেলেন স্পিনার সামিয়ুন বাশীর। এই বাঁহাতি স্পিনার শুণ্য রানে ফেরান কিথমা ভিথানাপাথিরানাকে। দলীয় ২৭ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কার যুবারা।
দ্রুত দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে থাকা লঙ্কানরা ফের চাপে পড়েন ১৪তম ওভারে বাশীর স্পিনে। এবার আরেক ওপেনার দিমান্থা মাহাভিথানা প্যাভিলিয়নের পথ ধরেন। ৪৯ বলে ১৩ রান করে এলবিডাব্লিউ হন দিমান্থা।
৩৮ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে আগের দুই ম্যাচ জেতা লঙ্কানরা। এক শ রান পার করার আগে আরও দুই উইকেট হারানো লঙ্কানদের মাঝ ওভারে খানিকটা আশা দেখিয়েছিলেন চামিকা হেনাতিগালা। তবে ৩৭তম ওভারে ৪১ রান করে এই বাঁহাতি যখন ফেরেন তখনই শ্রীলঙ্কার সব আশা শেষ হয়ে যায়।
১২১ রানে ৭ উইকেট হারানো লঙ্কানদের শেষ দিকে হারের ব্যবধান কমিয়েছেন উইকেটকিপার অ্যাদহাম হিলমি। এই ডানহাতি ব্যাটসম্যানের ৩৯ রানের ইনিংসের পর শেষ পর্যন্ত ৫ বল আগে ১৮৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন পেসার ইকবাল হোসেন ইমন ও স্পিনার শাহরিয়ার আহমেদ।
এর আগে ব্যাট করতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের ৩৬ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস এবং রিফাত বেগের ৩৬, কালাম সিদ্দিকের ৩২ রানের ইনিংসে ২২৫ রান তুলতেই ৪৭তম ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ।
আগামী ১৯ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯। অন্য সেমিফাইনালে একই দিনে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।