ভারতের বিশ্বকাপ স্কোয়াড

সহ-অধিনায়ককে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

চমক দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত। ঘরের মাঠে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

ঘোষিত দলে জায়গা পাননি ভারতের টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক শুভমান গিল। বিশ্বকাপের দলে ফিরেছেন ইশান কিশান ও রিঙ্কু সিং। দলের অধিনায়কের দায়িত্ব আগের মতোই থাকছে সুরিয়াকুমার ইয়াদাভের কাঁধে। এদিক দলে জায়গা হারানো গিলের বদলে সহ-অধিনায়ক করা হয়েছে আকসার প্যাটেলকে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে দল ঘোষণা করে বিসিসিআই। যেখানে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া, প্রধান নির্বাচক অজিত আগরকার ও অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। 

গিলের সঙ্গে দলে জায়গা হারিয়েছেন উইকেটকিপার জিতেশ শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি–টোয়েন্টি সিরিজে শুভমন গিল ও জিতেশ শর্মা দুজনেই ছিলেন। 

চলতি বছরে টি–টোয়েন্টিতে গিলের পারফরম্যান্সও খুব একটা নজর কাড়তে পারেনি। ১৫ ইনিংসে এই ওপেনার করেছেন ২৯১ রান, গড় ২৪.২৫ ও স্ট্রাইক রেট ১৩৭.২৬, যেখানে কোনো ফিফটিই নেই।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি–টোয়েন্টি খেলবে ভারত। টি–টোয়েন্টি সিরিজটি হবে ২১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। বিশ্বকাপের ১৫ সদস্যের দলই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। 

ভারতের বিশ্বকাপ দল:

সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), আকসার প্যাটেল (সহ-অধিনায়ক), সাঞ্জু স্যামসন, আভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, ইশান কিশান, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, হার্ষিত রানা, জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ ইয়াদাভ, অর্শদীপ সিং, রিঙ্কু সিং।