অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ নিজেদের করেছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচ আগেই সিরিজ জেতা স্বাগতিকরা মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাওয়া বক্সিং ডে টেস্টের জন্য দল ঘোষণা করেছে। যেখানে দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকেই রাখা হয়নি।
ইংলিশদের বিপক্ষে চতুর্থ টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন এনেছে। কামিন্সের সঙ্গে দলে জায়গা হয়নি স্পিনার নাথান লায়নের। এই দুজনের বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন অফ-স্পিনার টড মারফি এবং পেস বোলার ঝাই রিচার্ডসন।
মেলবোর্নে হতে যাওয়া বক্সিং ডে টেস্টে মূলত ইনজুরি ও ওয়ার্কলোডের কারণে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন এবং নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।
কামিন্সের অনুপস্থিতিতে দলে ফিরছেন অ্যাডিলেড টেস্টে না খেলা স্টিভ স্মিথ। চোটের কারণে তৃতীয় টেস্ট না খেলতে পারেননি স্মিথ। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই বক্সিং ডে টেস্টে স্মিথই দলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
নাথান লায়নের চোটের ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, অ্যাডিলেডে তৃতীয় টেস্টের পঞ্চম দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডাইভ দেওয়ার সময় ডান হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন লায়ন। তার অস্ত্রোপচার প্রয়োজন হবে, ফলে এই টেস্টে তিনি খেলতে পারছেন না।
লায়নের জায়গায় দলে সুযোগ পাওয়া টড মারফি দীর্ঘদিন পর ঘরের মাঠে টেস্টে ফেরার অপেক্ষায় আছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরের পর তিনি আর টেস্ট খেলেননি।
এদিকে সিরিজ জয়ের পর অ্যাডিলেডে সংবাদ সম্মেলনে অধিনায়ক কামিন্স তাঁর পরের টেস্টে না থাকা নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। ফিটনেস থেকে ফিরে নিজের ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করতেই বক্সিং ডে টেস্টে বিরতি নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। নতুন বছরের সিডনি টেস্টে তার ফেরা এখনও অনিশ্চিত।
কামিন্সের পরিবর্তে স্কোয়াডে ডাক পাওয়া ঝাই রিচার্ডসনের সামনে দীর্ঘ চার বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার হাতছানি। সর্বশেষ ২০২১ সালের অ্যাশেজ সিরিজে টেস্ট খেলেছিলেন তিনি। চলতি বছরের শুরুতে তৃতীয়বারের মতো কাঁধে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে বোলিং লোড বাড়িয়ে দলের সঙ্গে অনুশীলন করে আসছেন এই পেসার। চলতি মাসের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ২৬ ওভার বোলিং করে পাঁচ উইকেট নিয়েছেন রিচার্ডসন।
বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড
স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেনডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, টড মারফি, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।