শাকিব খানের কল্যাণে বিপিএলের সর্বশেষ সংস্করণে যাত্রা শুরুর আগেই ব্যাপক আলোচনায় এসেছিল ঢাকা ক্যাপিটালস। কিন্তু মাঠের ক্রিকেটে তেমন সাফল্য পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। সাত দলের মধ্যে ৬ষ্ঠ হয়ে আগেরবার মৌসুম শেষ করেছিল ঢাকা।
এবার দল গঠনের আগেই ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়, শিরোপা জিততে বদ্ধপরিকর তারা! সে লক্ষ্যে গড়া ঢাকার স্কোয়াডও বেশ নজরকাড়া।
ওপেনিংয়ে অ্যালেক্স হেলস ও রহমানউল্লাহ গুরবাজের মতো ব্যাটসম্যানকে পাচ্ছে ঢাকা। মুহূর্তের ঝড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন দুজনেই। এছাড়া জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসানও আছে টপ অর্ডারে।
তবে দুই বিদেশি- অ্যালেক্স হেলস ও গুরবাজকে ঠিক কত ম্যাচের জন্য পাবে ঢাকা, সেটি নিশ্চিত নয়। এ দুই বিদেশির যাওয়ার পর টপ অর্ডারের হাল ধরবে কে, সেটা নিয়েও ভাবতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে।
টপ অর্ডারের পাশাপাশি অলরাউন্ডার বিভাগেও বেশ শক্তিশালী ঢাকা। মোহাম্মদ সাইফউদ্দিন, নাসির হোসেন, সাব্বির আহমেদের মতো পরিচিত মুখদের দলে টেনেছে ঢাকা। ব্যাট হাতে শেষ দিকে ঝড় তোলার পাশাপাশি হাত ঘোরাতে পারেন শামীম হোসেন পাটোয়ারিও। দলে অলরাউন্ডারের ছড়াছড়ি থাকলেও ধারাবাহিকতার অভাব ভোগাতে পারে ঢাকাকে।
ঢাকার বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। সঙ্গে আছেন অনূর্ধ্ব-১৯ দলে আলো ছড়ানো মারুফ মৃধা। স্পিনে বাংলাদেশি অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গে আছেন পাকিস্তানি ইমাদ ওয়াসিম।
সবমিলিয়ে ঢাকার দল ভারসাম্যপূর্ণ হলেও ফ্র্যাঞ্চাইজিটির চিন্তার বিষয় মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব ও বিদেশিদের প্রাপ্যতা!
ঢাকা ক্যাপিটালস স্কোয়াড:
দেশি ক্রিকেটার: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), তাসকিন আহমেদ, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আবদুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম।
বিদেশি ক্রিকেটার: অ্যালেক্স হেলস, উসমান খান, রহমানউল্লাহ গুরবাজ, ওডিন স্মিথ, ইমাদ ওয়াসিম, জিয়া রহমান শারিফি, আরিফ হোসেন, চৌধুরী শের আলি, দাসুন শানাকা, জুবায়েরউল্লাহ আকবারি।