ম্যাচের আগে মাঠেই লুটিয়ে পড়া ঢাকা ক্যাপিটালসের কোচ মারা গেছেন

গতকাল শুক্রবার বিপিএল শুরু হলেও চলমান সংস্করণে ঢাকা ক্যাপিটালসের যাত্রা শুরু হয়েছে আজ। সিলেটে দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছে ঢাকা। তবে এ ম্যাচের আগে বড় ধরনের দুঃসংবাদ পেয়েছে দলটি। মাঠে হার্ট অ্যাটাকে করে মারা গেছেন দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি।

সিলেটে আজ ম্যাচ শুরুর মিনিট বিশেক আগে দলের ওয়ার্ম আপের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জাকি। তাৎক্ষণিকভাবে তাঁকে সিলেটের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি অভিজ্ঞ এ কোচকে।

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। ছবি: বিসিবি

মাহবুব জাকি অসুস্থ হওয়ার পর এক বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি অনুশীলন সেশন পরিচালনার সময় অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে সিপিআর দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

হাসপাতালে নেওয়ার পর চেষ্টা চালানো হলেও সেটি আর কাজে আসেনি।