মাঠে হার্ট অ্যাটাকে ঢাকা ক্যাপিটালসের কোচের মৃত্যু, বিসিবির শোক

বিপিএলের দ্বিতীয় দিনে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় শোকের ছাড়া নেমেছে দেশের ক্রিকেটাঙ্গনে। আজ শনিবার ম্যাচের আগে হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিলেটে আজ দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস। এ ম্যাচ শুরুর মিনিট বিশেক আগে দলের ওয়ার্ম আপের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জাকি। তাৎক্ষণিকভাবে তাঁকে সিপিআর দিয়ে সিলেটের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি অভিজ্ঞ এ কোচকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্ব পালন করা মাহবুব জাকি বিসিবির গেম ডেভেলপমেন্টের পেস বোলিং বিভাগেও কাজ করতেন। খেলোয়াড়ি জীবনে পেস বোলার হিসেবে বেড়ে ওঠা জাকি জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলা দলের হয়ে খেলেছেন। আবাহনী, ধানমন্ডীসহ শীর্ষস্থানীয় ক্লাবগুলোর হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দেখা গেছে জাকিকে।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিং ও পেসারদের উন্নয়নের কাজে নিজেকে যুক্ত করেন। সেই পথে ২০০৮ সালে হাই পারফরম্যান্স কোচ হিসেবে বিসিবিতে যোগ দেন মাহবুব আলী জাকি। শোক বার্তায় বিসিবি উল্লেখ করেছে, দেশের পেস বোলিং উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। জাকির মুত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি।