বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকালে মারা গেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। জাতীয় শোকের প্রতি সম্মান জানিয়ে বিপিএলের আজকের ম্যাচ বাতিল করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলে আজ দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। দুপুরে সিলেট টাইটানসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের। আর রাতের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুতে এ ম্যাচ দুটি আজ মাঠে গড়াচ্ছে না।
বিবৃতিতে বিসিবি উল্লেখ করেছে, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও দেশের শোকাবহ পরিবেশের কারণে মঙ্গলবারের নির্ধারিত ম্যাচগুলো আয়োজন করা হচ্ছে না। ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। স্থগিত ম্যাচের সূচি ও ভেন্যু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।