বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকালে মারা গেছেন। তাঁর মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছাড়া নেমেছে। বাদ নেই ক্রীড়াঙ্গনও। এরই মধ্যে শোক জানিয়ে বিপিএলের আজকের ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পিছিয়ে নেই নেই জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটনদাস, ইমরুল কায়েসসহ আরও অনেকেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস লিখেছেন ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’
বিসিবির শোকবার্তা সম্বলিত খালেদা জিয়ার ফটো কার্ড শেয়ার করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
জাতীয় দলের টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক শোকবার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। এই শোকের সময় তাঁর পরিবার, স্বজন এবং সমগ্র জাতিকে আন্তরিক সমবেদনা জানাই।’
ওয়ানডে সংস্করণের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তা'লা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’