অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

উপমহাদেশের পরিস্থিতি বুঝে শক্তি বাড়িয়েছে তারা

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের স্কোয়াডের কথা উঠলে ফাস্ট বোলারের প্রসঙ্গটি আপনা-আপনিই মনে চলে আসে। বোলিংয়ে বরাবরই পেসার নির্ভর দল সাজায় অস্ট্রেলিয়া। কিন্তু ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার আয়োজিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। এ উপমহাদেশে পেসারদের তুলনায় স্পিনাররা বাড়তি সুবিধা পান, এটা অনেকটাই ওপেন সিক্রেট।

আর সে বিষয়টি মাথায় রেখেই  আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘স্পিননির্ভর’ দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সে দলে তিন বিশেষজ্ঞ স্পিনার ছাড়াও পার্ট টাইম স্পিনার আছেন দুজন। পাশাপাশি পুরোপুরি চোটমুক্ত হননি, এমন তিনজনকে স্কোয়াডে রেখেছে ২০২১ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াডে লেগ স্পিনার অ্যাডাম জাম্পার পাশাপাশি দলে আছেন দুই বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনেমান ও কুপার কনোলি। এছাড়া প্রয়োজনে স্পিনে হাত ঘোরাতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথিউ শর্ট।

তা ম্যাক্সওয়েল ও শর্ট না হয় ব্যাটও চালাতে পারেন সমানতালে। কিন্তু বিশেষজ্ঞ স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া কনোলি অস্ট্রেলিয়ার শেষ ১২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের কোনোটিতেই খেলেননি। এরপরও ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনারকে প্রাথমিক দলে রাখার সাহস দেখিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সাহসের এখানেই শেষ নয়। চোটাক্রান্ত হওয়ার পর পুনর্বাসনে থাকা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম ডেভিডকে নিয়েই দল সাজিয়েছে অস্ট্রেলিয়া। অবশ্য চলতি মাসের শেষ দিকে পিঠের স্ক্যান করাবেন কামিন্স। ওই স্ক্যানের রিপোর্টের ওপর নির্ভর করবে, বিশ্বকাপে কামিন্স খেলতে পারবেন কি না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের ব্যাখ্যায় অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, সাম্প্রতিক সাফল্য এবং শ্রীলঙ্কা ও ভারতের ভিন্ন ভিন্ন কন্ডিশনের কথা মাথায় রেখেই দল সাজিয়েছেন তিনি। পাশাপাশি পুনর্বাসনে থাকা খেলোয়াড়দের বিশ্বকাপের আগে ফিট পাওয়ার আশাবাদও জানিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক।

উল্লেখ্য, আইসিসির নিয়মানুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। এছাড়া গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। বিশ্বকাপের ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গী হিসেবে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াড:

মিচেল মার্শ (অধিনায়ক), হাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।