মোস্তাফিজকে কলকাতার স্কোয়াড থেকে বাদ দিতে বলল ভারতের বোর্ড

কয়েকদিন আগে আইপিএল নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মোস্তাফিজকে অনাপত্তি পত্র দেওয়ার কথাও জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মোস্তাফিজের আসন্ন আইপিএল খেলা শঙ্কায় পড়েছে।

মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর মোস্তাফিজের বদলি হিসেবে বিকল্প খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ পাবে কলকাতা। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বিষয়টি জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

এএনআইকে সাইকিয়া বলেছেন, ‘সাম্প্রতিক কয়েকটি ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে বিসিসিআই এটাও জানাচ্ছে, তারা যদি বিকল্প খেলোয়াড় চায়, বিসিসিআই সেই অনুমতি দেবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুর নিহত হওয়ার ঘটনা ও ধর্মীয় সহিংসতার বিষয়টি সামনে আসার পর মোস্তাফিজের সঙ্গে কলকাতার চুক্তি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। ভারতীয়দের মধ্যে অনেকেই মোস্তাফিজকে আইপিএলে দেখতে চান না বলে প্রচারণা চালাতে থাকেন। এছাড়া বিজেপি ও শিব সেনার একাধিক রাজনৈতিক নেতা জাতীয় অনুভূতির বিষয়টি বিবেচনা না করে মোস্তাফিজকে দলে রাখা প্রসঙ্গে কলকাতা ও শাহরুখের সমালোচনা করেন।

সম্প্রতি ময়মনসিংহে গণপিটুনিতে পোশাকশ্রমিক দীপুদাস হত্যার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলে মোস্তাফিজকে কলকাতার স্কোয়াড থেকে বাদ দেওয়ার দাবি জোরাল হতে থাকে। এর আগে বিজেপি নেতা সঙ্গীত সোম বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়ার জন্য শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা ‘বিশ্বাসঘাতক’ বলে মন্তব্য করেছেন।

এদিকে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ভারত। গতকাল এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওই সিরিজ খেলতে আগস্টের ২৮ তারিখ ঢাকায় পৌঁছাবে ভারত দল। মোস্তাফিজকে কলকাতার স্কোয়াড থেকে বাদ দিতে বললেও আসন্ন বাংলাদেশ সফর নিয়ে কোনো মন্তব্য করেননি বিসিসিআই সচিব।