মাহমুদউল্লাহ আরেকবার দেখালেন, ওস্তাদের মার শেষ রাতে

ওস্তাদের মার শেষ রাতে! 

এ কথাটি চলতি বিপিএলে কদিন আগেই সিলেট টাইটানসের বিপক্ষে প্রমাণ করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ ফের বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার দেখিয়েছেন তিনি এখনো ফুরিয়ে যাননি। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৭০ রানের লক্ষ্য তাড়ায় শেষ দিকে ১৯ বলে ৩০ রানের* দুর্দান্ত এক ইনিংস খেলে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখে রংপুর রাইডার্সের জয় নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের শুরুতেই লিটন দাসের উইকেট হারায় রংপুর। তৃতীয় ওভারে ৮ বলে ১০ রান করে লিটন দাস ফিরে গেলেও রংপুরের হাল ধরেন কাইল মায়ার্স। ক্যারিবিয়ান এই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ১ উইকেটে ৭২ রান তোলে রংপুর। 
 
সপ্তম ওভারে মাত্র ২৩ বলেই নিজের ফিফটির দেখা পেয়ে যান মায়ার্স। আগ্রাসী ব্যাটিং করা এই বাঁহাতি একই ওভারে আমের জামালের বলে ক্যাচ দিয়ে ফেরেন। ২৫ বলে ৫০ রানের ইনিংস খেলে মায়ার্স বিদায় নিলেও তাওহীদ হৃদয় ও ডাভিড ম্যালানের জুটিতে জয়ের ভিত গড়ে রংপুর। 

মাঝ ওভারে দুই ওভারের ব্যবধানে হৃদয়-ম্যালান ফিরে ফেলে এক পর্যায়ে শেষ ২৪ বলে জয়ের সমীকরণ দাঁড়ায় ৪১ রানের। তখনই দুর্দান্ত এক ক্যামিও ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আমের জামালের ১৭তম ওভারে ৩ চার ও ১ ছক্কায় নেন ২০ রান। অপর প্রান্তে সঙ্গী খুশদীল শাহও ছিলেন ছন্দে, পরের ওভারে ২ চার ও ১ ছক্কায় ১৬ রানে আনেন এই বাঁহাতি। একই ওভারে খুশদীল ফিরে গেলেও মাহমুদউল্লাহ রিয়াদ ১৯তম ওভারে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। 

এর আগে ব্যাট করতে নেমে অ্যাডাম রশিংটনের ৪১ বলে ৫৮ ও হাসান নওয়াজের ৩৮ বলে ৪৬ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে চট্টগ্রাম।