বিসিসিআই কর্মকর্তার দাবি

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, বিসিসিআই জানতই না!

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দেওয়া হলো, সংবাদমাধ্যমে খবরটা প্রকাশের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনেক কর্মকর্তাই বিষয়টা জানতেন না! জানবেনই বা কীভাবে? এ নিয়ে বিসিসিআইতে কোনো আলোচনা বা মিটিং-ই হয়নি। ‘ওপর মহলের’ সিদ্ধান্তে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে!

শুনতে অবিশ্বাস্য শোনালেও ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলাপকালে এমন বোমাই ফাটিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। তাঁর দাবি, মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে তাঁদের থেকে কোনো মতামত বা পরামর্শ নেয়নি বিসিসিআই!

মোস্তাফিজ ইস্যুতে হইচইয়ের শুরুটা গত বৃহস্পতিবার। বাংলাদেশি পেসারকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দিতে বিসিসিআইয়ের নির্দেশের কথা জানান ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। এরপর থেকেই ক্রীড়াঙ্গন দেশীয় ক্রীড়াঙ্গনে হট টপিক হয়ে ওঠে বিষয়টি। মোস্তাফিজকে বাদ দেওয়া ইস্যুতে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আবার দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, যাতে বাংলাদেশ আইপিএল সম্প্রচার করা না হয়।

মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রভাব যে শুধু বাংলাদেশে পড়েছে, এমন নয়। এ নিয়ে ভারতের ক্রীড়াঙ্গনেও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে, কিংবা বাংলাদেশে আইপিএল দেখা না গেলে কী হবে, ক্ষতি কতটা হবে, প্রভাব কেমন হবে- এ নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে।

তা ঘটনার সূত্রপাত যেখান থেকে, দেবজিৎ সাইকিয়া বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে বিসিসিআইয়ের সিদ্ধান্তের কথা জানান। কিন্তু বিসিসিআইয়ের ওই সিদ্ধান্ত নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে বোর্ডের কিংবা আইপিএল গভর্নিং কাউন্সিলের সব সদস্যের সঙ্গে আলোচনা করেনি বিসিসিআই। তাঁর দাবি, ‘উপর মহলের’ সিদ্ধান্তে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআই কর্মকর্তা বলেছেন, ‘আমরাও বিষয়টা সংবাদমাধ্যমেই জেনেছি। এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি। আমাদের দিক থেকে কোনো মতামত বা প্রস্তাব নেওয়া হয়নি।’