যুক্তরাষ্ট্রের একাধিক ক্রিকেটারকে ভিসা দিচ্ছে না ভারত

আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি অথচ দলটির একাধিক ক্রিকেটারদের এখনো ভিসা দিচ্ছে না ভারত। পাকিস্তান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের একাধিক ক্রিকেটারকে ভারতের ভিসা না দেওয়ার খবর সামনে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের পেসার আলী খান।

ডানহাতি এই পেসার ছাড়াও পাকিস্তান–বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিনকে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা দেওয়া হয়নি।

নিজের ভিসা না পাওয়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন আলী খান। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ভারতের ভিসা মেলেনি, তবে কেএফসি-ই জিতেছে।” তার এই পোস্টটি শেয়ার করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের খ্যাতনামা সাংবাদিক পিটার ডেলা পেনা।

ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব যে ক্রিকেটেও পড়েছে, তা নতুন কিছু নয়। এর আগে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের সঙ্গেও একই কাজ করেছিল ভারত। টেস্ট সিরিজের জন্য সময়মতো তিনি ভিসা পাননি, কারণ সেই একই, এই অফ স্পিনার পাকিস্তান বংশোদ্ভূত।

এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের এমন ভিসা না পাওয়ার তালিকায় যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটার।

এই চারজনই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একাদশের নিয়মিত সদস্য। ফলে ভিসা না পাওয়ায় বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মোনাঙ্ক প্যাটেলের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র ‘এ’ গ্রুপে পড়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র তাদের প্রথম ম্যাচেই খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর কলম্বো ও চেন্নাইয়ে পাকিস্তান, নেদারল্যান্ডস ও নামিবিয়ার মুখোমুখি হবে দলটি।