বিশ্বকাপ ইস্যুতে বিসিবির সঙ্গে আলোচনায় বসতে আজ ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও সরাতে আইসিসির কাছে আবেদনও করেছে বিসিবি।

বিসিবির আবেদনের প্রেক্ষিতে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। বিষয়টি সুরাহা করতে এর আগে বিসিবির সঙ্গে আইসিসির ভার্চুয়াল বৈঠক হলেও তাতে সন্তোষজনক কোনো ফল আসেনি। এমন অচলাবস্থা কাটাতে বিসিবির সঙ্গে আলোচনায় বসতে আজ ঢাকায় আসছেন আইসিসির দুই কর্মকর্তা। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। 

ক্রিকবাজ উল্লেখ করেছে, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিবিকে রাজি করাতে এটি আইসিসির শেষ চেষ্টা হিসেবে মনে করা হচ্ছে। পাশাপাশি এই বৈঠকের মাধ্যমে বিসিবির আস্থাও তৈরি করতে চায় আইসিসি। বাংলাদেশ যেন আইসিসি ও বিশ্ব ক্রিকেট মহল থেকে নিজেদের আলাদা বা বিচ্ছিন্ন মনে না করে, সেটি নিশ্চিত করাও এই বৈঠকের উদ্দেশ্য, এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

এর আগে গত বুধবার আইসিসির কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু ওই বৈঠকে আইসিসির প্রস্তাবে সন্তুষ্ট হননি বিসিবি সভাপতি। বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকে বাংলাদেশ।

বিশ্বকাপ নিয়ে এই জটিলতার মূলে দুটি বিষয়- মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ও ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা শঙ্কা। আইসিসির নিরাপত্তা মূল্যায়ণে ভারতে ঝুঁকির মাত্রা ‘মাঝারি থেকে কম’ মানের দেখানো হলেও, বাংলাদেশের জন্য ওই ঝুঁকির মাত্রা ‘মাঝারি থেকে উচ্চ’ হিসেবে দেখানো হয়েছে। সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি জানিয়েছেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না।

ক্রিকবাজ উল্লেখ করেছে, দুবাই থেকে আসা আইসিসির প্রতিনিধিরা বিসিবিকে বোঝানোর চেষ্টা করবেন, আইসিসি ও বৈশ্বিক ক্রিকেটে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে রাজি করানোর চেষ্টা করবে আইসিসির প্রতিনিধি দল।

আইসিসির প্রতিনিধি দলের ঢাকায় আসার বিষয়টি জানিয়ে ক্রিকবাজকে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘আমরা তাঁদের সঙ্গে বসার অপেক্ষায় আছি এবং আশা করছি, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যাবে।’

ক্রিকবাজ আরও জানিয়েছে, আইসিসির প্রতিনিধি দল ঢাকায় আসার পর আজ অথবা আগামীকাল মিরপুরে বিসিবির সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। বিসিবি আশা করছে, এই বৈঠক থেকে সন্তোষজনক ফল পাওয়া যাবে।

এ প্রসঙ্গে গতকাল শুক্রবার বিসিবি পরিচালক মিঠু সাংবাদিকদের বলেছেন, ‘আমি জানি কাল (শনিবার) আইসিসি প্রতিনিধি দল আসছে। প্রোগ্রাম সম্পর্কে সভাপতির জানা আছে। প্রোগ্রামে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট থাকবেন। আশা করি, মিটিং থেকে সন্তোষজনক ফল আসবে।’

বিশ্বকাপ ইস্যুতে এখনও যে বিসিবি আগের অবস্থানেই আছে, সেটা উল্লেখ করে মিঠু বলেছেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। বোর্ড বলেন আর সরকার— আমরা মনে করি, আমাদের টিম, খেলোয়াড় ও সমর্থকরা নিরাপদ না সেখানে (ভারতে)। এটা নিয়েই আলাপ হবে। এটা সভাপতি নিজেই দেখভাল করছেন। দেখি কাল কী ফল হয়। আমাকে যদি মিটিংয়ে থাকতে বলে থাকব। নয়তো উনি (আমিনুল ইসলাম বুলবুল) যাদের নিয়ে মিটিংয়ে বসবেন, তারা এ বিষয়ে আলাপ করবেন। ভালো লক্ষণ যে, তারা (আইসিসি প্রতিনিধি দল) আসছে। দেখা যাক বিষয়টি কোথা থেকে কোথায় যায়।’