২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে নাকি খেলবে না- এ নিয়ে সংশয় এখনো কাটেনি। সংশয় কাটার পথটাও খুব একটা সহজ মনে হচ্ছে না। গতকাল ক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করেছে, ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশকে আলটিমেটাম দিয়েছে আইসিসি, আগামীকাল বুধবারের মধ্যে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ ভারতে না খেলতে চাইলে অন্য দলকে সুযোগ দেবে আইসিসি। সেক্ষেত্রে দলটা হতে পারে স্কটল্যান্ড- এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
যদিও বিসিবির পক্ষ থেকে ক্রিকইনফোর এমন দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন গতকাল সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আইসিসি এমন কোনো সময়সীমা বেঁধে দেয়নি।
আইসিসি আলটিমেটাম দিক বা না দিক- বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে, তাহলে বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কিং বিবেচনায় বিশ্বকাপে সুযোগ পাওয়ার স্কটল্যান্ড। তা টি-টোয়েন্টি বিশ্বকাপের দরজা খোলা নিয়ে স্কটিশরা কী ভাবছেন?
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এখনো স্কটল্যান্ডের সঙ্গে কোনো আলোচনা করেনি আইসিসি। তবে সুযোগ পেলে বিশ্বকাপে খেলতে প্রস্তুত স্কটিশ ক্রিকেটাররা।
এর আগে ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে বিশ্বকাপে সুযোগ পেয়েছিল স্কটিশরা। এবারও তেমন সম্ভাবনা জেগেছে। বাংলাদেশে বিশ্বকাপ না খেললে র্যাঙ্কিং বিবেচনায় সুযোগ পাবে স্কটল্যান্ড। কিন্তু সেই সুযোগ নিতে স্কটিশরা আগ্রহী কিনা, সেটা জানতে আইসিসি এখনো দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেনি।
আইসিসি যদি স্কটল্যান্ডকে সুযোগ দেয়, তবে সেটা নিতে প্রস্তুত স্কটিশ ক্রিকেটাররা। কিন্তু বিসিবি যেহেতু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি সম্মান দেখিয়ে আগ বাড়িয়ে স্কটিশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও আইসিসির সঙ্গে এ বিষয়ে নিজে থেকে যোগাযোগ করেনি। আপাতত যোগাযোগ করার পরিকল্পনাও করেননি তারা- এমনটাই জানিয়েছে বিবিসি।