বিপিএলে কে কোন পুরস্কার জিতলেন, কত টাকা পেলেন

রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ফাইনাল দিয়ে গতকাল শুক্রবার পর্দা নেমেছে বিপিএলের ১২তম সংস্করণের। একপেশে শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রামকে ৬৩ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী।

মিরপুরে আগে ব্যাটিং করে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তুলেছিল রাজশাহী। জবাবে সব উইকেট হারিয়ে ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। তাতে শিরোপা উৎসবে মেতে ওঠে রাজশাহী।

বিপিএল চ্যাম্পিয়ন হয়ে প্রাইজমানি হিসেবে ২ কোটি ৭৫ লাখ টাকা পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর রানার্স আপ চট্টগ্রাম পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।

ফাইনালে সেঞ্চুরি করে ফাইনাল সেরা হয়েছেন তামিম। ২৫ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান পেয়েছেন ৫ লাখ টাকা। এবারের টুর্নামেন্টে ১৩ ইনিংসে ২৭.৩৮ গড় ও ১৩৬.৩৯ স্ট্রাইকরেটে ৩৫৬ রান করেছেন তামিম। ফাইনালে সেঞ্চুরির পাশাপাশি টুর্নামেন্টে একটি ফিফটিও করেছেন রাজশাহীর এ ওপেনার।

চ্যাম্পিয়ন দলের তামিম হয়েছেন ফাইনাল সেরা। অন্যদিকে টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে চট্টগ্রামের পেসার শরীফুল ইসলামের হাতে। পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত বোলিংয়ে ২৬ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। এবারের তো বটেই, বিপিএল ইতিহাসে এক সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এটি। অর্থাৎ টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতার পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কারটাও জিতেছেন শরীফুল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ১০ লাখ টাকা জেতার পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে ৫ লাখ টাকা জিতেছেন শরীফুল।

আর সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার বাগিয়েছেন সিলেট টাইটানসের পারভেজ হোসেন ইমন। ১২ ইনিংসে ৩৯.৫০ গড় ও ১৩২.৯৯ স্ট্রাইকরেটে ৩৯৫ রান করেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। এর মধ্যে ফিফটি করেছেন ৩টি। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ইমন পেয়েছেন ৫ লাখ টাকা।

বাঁহাতিদের ভিড়ে টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার গেছে রাজশাহীর ডানহাতি পেসার রিপন মণ্ডলের হাতে। ২২ বছর বয়সী এ পেসার রাজশাহীর হয়ে সব ম্যাচ খেলতেই পারেননি। ছিলেন না ফাইনালের একাদশেও। এরপরও ৮ ম্যাচ সুযোগ পেয়ে ১৭ উইকেট নিয়েছেন। এবারের বিপিএলের ইমার্জিং খেলোয়াড় হিসেবে ৩ লাখ টাকা পেয়েছেন রিপন।

এছাড়া টুর্নামেন্টের সেরা ফিল্ডার হিসেবে ৩ লাখ টাকা পুরস্কার জিতেছেন লিটন দাস। এবার কিপিং না করলেও আউটফিল্ডে সর্বোচ্চ ১০টি ক্যাচ নিয়েছেন রংপুর রাইডার্সে খেলা লিটন।   

 এক নজরে কে কোন পুরস্কার জিতলেন:

ক্যাটাগরি

জয়ী

প্রাইজমানি

চ্যাম্পিয়ন

রাজশাহী ওয়ারিয়র্স

২ কোটি ৭৫ লাখ টাকা

রানার্স আপ

চট্টগ্রাম রয়্যালস

১ কোটি ৭৫ লাখ টাকা

ম্যান অব দ্য ফাইনাল

তানজিদ হাসান তামিম

৫ লাখ টাকা

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট

শরীফুল ইসলাম

১০ লাখ টাকা

সর্বোচ্চ উইকেটশিকারি

শরীফুল ইসলাম

৫ লাখ টাকা

সর্বোচ্চ রান সংগ্রাহক

পারভেজ হোসেন ইমন

৫ লাখ টাকা

ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট

রিপন মন্ডল

৩ লাখ টাকা

সেরা ফিল্ডার

লিটন দাস

৩ লাখ টাকা