প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেই বড় ধাক্কা খেয়েছে ইতালি। আজ কলকাতার ইডেন গার্ডেনসে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই দলের প্রধান নেতা ওয়েন ম্যাডসেন গুরুতর চোটে পড়েছেন।
স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় অধিনায়ক ওয়েন ম্যাডসেন কাঁধে ব্যাথা পান।
স্কটল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারে বাউন্ডারি বাঁচাতে গিয়ে এই ঘটনা ঘটে। স্কটিশ ব্যাটসম্যান জর্জ মানসির শট মিড-উইকেটে ডাইভ দিয়ে থামাতে গিয়ে ম্যাডসেন ভারসাম্য হারিয়ে ইডেন গার্ডেনসের প্র্যাকটিস উইকেটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে যান। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মাঠ ছাড়েন তিনি।
মাঠ ছাড়ার কিছুক্ষণ পড়েই সরাসরি সম্প্রচারে ইয়ান বিশপ নিশ্চিত করেন ৪২ বছর বয়সী ম্যাডসেন ম্যাচে আর অংশ নেবেন না। পরবর্তীতে জানা যায়, ইতালির অধিনায়কের কাঁধের হাড় সরে গিয়েছে।
ম্যাডসেনের এমন চোটের দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচও হেরেছে ইতালি। আগে ব্যাট করতে নেমে ইতালিকে ২০৮ রানের বড় লক্ষ্য দেয় স্কটল্যান্ড। ৫৪ বলে ৮৪ রান করেন স্কটিশ ওপেনার মানসি।
লক্ষ্য তাড়ায় নেমে কোনো প্রকার চ্যালেঞ্জই জানাতে পারেনি ইতালি। ১৮তম ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায় দলটি। স্কটল্যান্ডের হয়ে ১৭ রানে ৪ উইকেট নেন মাইকেল লিস্ক।