গত বৃহস্পতিবার হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল বা পরশু হতে পারে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীপরিষদ বিভাগের শপথ।
বিএনপি জোটের নতুন সরকারের মন্ত্রীপরিষদ বিভাগে কারা থাকবেন, তা নিয়ে চলছে নানান জল্পনা। সেই জল্পনার মধ্যে আছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নামও। সর্বশেষ নির্বাচনে অংশ না নিলেও টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন তামিম- এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। কোথাও লেখা হয়েছে, তিনি প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন।
তবে এ গুঞ্জনকে মিথ্যা হিসেবে দাবি করেছেন তামিম। বাঁহাতি এ ওপেনার জানিয়েছেন, এমন কোনো প্রস্তাব পাননি তিনি। গতকাল শনিবার গভীর রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানান তামিম।
ওই পোস্টে তামিম লিখেছেন, ‘আজ (শনিবার) সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা।’
এ ধরনের সংবাদ প্রচার না করার অনুরোধ জানিয়ে তামিম লিখেছেন, ‘এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’