ভারতের হিসাব সহজ, রাস্তা কঠিন

বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে যাওয়ার হিসেবটা গতকাল সহজ করে দিয়েছিল সাউথ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর সুপার এইটের গ্রুপ ওয়ান থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে এইডেন মার্করামের দল। সেই সঙ্গে ১ মার্চের ভারত-ওয়েস্ট ইন্ডিজের আসন্ন ম্যাচ অলিখিত কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে চলে যায়। চেন্নাইয়ে গতকাল জিম্বাবুয়েকে ভারত ৭২ রানের ব্যবধানে হারানোর পর কার্যত ১ মার্চের ম্যাচ অলিখিত কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে। 

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যে দল জয়ী হবে, তারা-ই যাবে বিশ্বকাপের সেমিফাইনালে। হিসেবটা সহজ হলেও ভারতের পথটা কঠিন। কারণে ১ মার্চ সুপার এইটের শেষ ম্যাচে ভারত ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে কলকাতায়। 

পরিসংখ্যান বলছে, ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত কলকাতার ইডেন গার্ডেনসে বিশ্বকাপের কোনো ম্যাচই হারেনি। ২০১৬ বিশ্বকাপে এই মাঠেই কার্লোস ব্রাথওয়েটের ৪ ছকায় চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের দুটি ম্যাচ এখানে খেলে একতরফাভাবে জিতেছে শাই হোপের দল। 

বিশ্বকাপে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেললেও ভারত কোনো ম্যাচই কলকাতায় খেলেনি। ফলে বাড়তি চ্যালেঞ্জ থাকছেই। এদিকে এই ম্যাচ অলিখিত কোয়ার্টার ফাইনাল হলেও বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে গেলে কপাল পুড়বে স্বাগতিকদের। 

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে আভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়ার ফিফটিতে ২৫৬ রানের বিশাল সংগ্রহ পেয়ে ৭২ রানের ব্যবধানে জিতেছে ভারত। তবে তাতেও দলটি ওয়েস্ট ইন্ডিজের রান রেট টপকাতে পারেনি। সুপার এইটে ভারত বর্তমানে তৃতীয় স্থানে আছে ২ পয়েন্ট নিয়ে, যেখানে তাদের রান রেট -০.১০০। সমান পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় স্থানে, তাদের রান রেট +১.৭৯১। 

ফলে কলকাতায় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করবে ওয়েস্ট ইন্ডিজ। 

তবে আবাহাওয়ার পূর্বাভাস ভারতীয় সমর্থকদের আশা বাণী দেখাচ্ছে। আকুওয়েদারের তথ্য অনুযায়ী, ১ মার্চ কলকাতার তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বৃষ্টির সম্ভাবনা মাত্র ১ শতাংশ।