ভারত ছুটেছে মেট্রোরেলে, নিউজিল্যান্ড তাড়া করেছে লক্কড়ঝক্কড় বাসে

দুটি অসম শক্তির মধ্যে ম্যাচের ফলাফল এমন হলেও হয়তো মেনে নেওয়া যেত। ৯৬ রানে হার, তা-ও একটা টি-টোয়েন্টি ম্যাচে – অসম শক্তির দুই দলের মধ্যেও তো এমনটা খুব একটা দেখা যায় না! অথচ আহমেদাবাদে আজ এমন বিশাল ব্যবধানে হার-জিত দেখল ভারত আর নিউজিল্যান্ডের মতো দুই প্রায় সমশক্তির দলের লড়াই, সেটাও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মতো মঞ্চে!

আহমেদাবাদে আজ লাখো দর্শকের সামনে লড়াইটা হলো এমন যে, ভারত যদি মেট্রোরেলে করে ছুটে থাকে, তবে নিউজিল্যান্ড লক্কড়-ঝক্কড় বাসে তাকে ধাওয়া করতে গিয়ে হুড়মুড়িয়ে পড়েছে! ভারতের ২৫৫ রানের জবাবে নিউজিল্যান্ড রান তাড়া করবে কী, এক ওভার বাকি থাকতেই অলআউট হয়ে গেল ১৫৯ রানে!

এতে ভারত একসঙ্গে দুটি প্রথম-এ নাম লেখাল। প্রথম দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল, টানা দুবার বিশ্বকাপ জেতার রেকর্ডেও ভারত ছাড়া আর কারও নাম নেই।  

আর নিউজিল্যান্ড? রানের চাপ যখন পাহাড়সমান হয়, তখন এমন ভেঙে পড়ার দৃশ্য ক্রিকেটে একেবারে বিরলও অবশ্য নয়। নিউজিল্যান্ড আজ তেমনই এক ধস দেখেছে। এত রান তাড়া করতে গেলে অন্তত দু-তিনজনকে বড় ইনিংস খেলতে হতো, যেমনটা ভারতের ইনিংসে প্রথম তিন ব্যাটসম্যান আভিষেক শর্মা (২১ বলে ৫২), সাঞ্জু স্যামসন (৪৬ বলে ৮৯) আর ইশান কিষাণ (২৫ বলে ৫৪) করেছিলেন। তারওপর রান তুলতেও হতো ঝড়ের গতিতে – ভারতের যেমন প্রথম তিন ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেটই স্যামসনের ১৯৩, দুই অঙ্কে যাওয়া ব্যাটসম্যানদের মধ্যে হার্দিক পান্ডিয়ার ১৩৮ স্ট্রাইক রেটের (১৩ বলে ১৮) বাইরে স্যামসনই দ্বিতীয় সর্বনিম্ন স্ট্রাইক রেটে রান তুলেছেন। শেষ দিকে শিভাম দুবের ৮ বলে ৩২৫ স্ট্রাইক রেটে ২২ রানের ইনিংস ভারতকে আড়াই শ পার করিয়েছে।

তার জবাবে নিউজিল্যান্ডের কী হলো? শুরুতে এক টিম সেইফার্টের ঝোড়ো ফিফটি (২৬ বলে ৫২) আর সাতে নামা অধিনায়ক মিচেল স্যান্টনারের ৩৫ বলে ৪৩ রানের ইনিংসের বাইরে নিউজিল্যান্ড ইনিংসে দুই অঙ্কেই যেতে পেরেছেন শুধু ড্যারিল মিচেল (১১ বলে ১৭)। রানই যেখানে কারও নেই, স্ট্রাইক রেটের হিসাব দিয়ে আর সেখানে কাজ কী!

পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত যেখানে বিনা উইকেটে ৯২ রান তুলেছে, নিউজিল্যান্ড ৫২ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। ৭২ রানেই নেই ৫ উইকেট। এরপর আর ২৫৫ রান তাড়া করবে কি, সম্মানজনক হারই হয়ে ওঠে নিউজিল্যান্ডের সর্বোচ্চ অর্জনের সীমারেখা।

ভারতের বোলারদের মধ্যে জাসপ্রীত বুমরা আরেকবার খেল দেখিয়েছেন – ৪ ওভারে ১৫ রানে নিয়েছেন ৪ উইকেট!