আফগানিস্তানের কাবুলে একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ভয়াবহ সেই হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২৫০ জনেরও বেশি। গতকাল মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এদিকে মর্মান্তিক এ হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা। একদিকে হতাহতদের প্রতি শোক প্রকাশ করেছেন, পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তেও ছাড়েননি তারা। এর মধ্যে আফগান তারকা পেসার পাকিস্তানকে ইসরায়েলের সঙ্গে তুলনা করেছেন।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার ঘটনা নতুন নয়। সম্প্রতি ইরানেও হামলা চালিয়েছে ইসরায়েল। পাকিস্তানের হামলাকে ওই ঘটনার সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাভিন উল হক লিখেছেন, ‘শাসনব্যবস্থার দিক থেকে দেখলে ইসরায়েল আর পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই।’
‘ইসরায়েল ও পাকিস্তানের শাসনব্যবস্থার মধ্যে কোনো পার্থক্য নেই বললেই চলে’
নাভিন এক বাক্যে ক্ষোভ প্রকাশ করলেও রাশিদ খান একটু বড়সড় লেখাই লিখেছেন। এক্স হ্যান্ডেলে রাশিদ লিখেছেন, ‘কাবুলে পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক হতাহতের খবরে আমি গভীরভাবে মর্মাহত। বেসামরিক বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা অবকাঠামো লক্ষ্য করে হামলা— এটা ইচ্ছাকৃত হোক বা ভুলবশত— এটা যুদ্ধাপরাধ।’
পবিত্র রমজান মাসে এমন হামলা চালানোর ক্ষোভ প্রকাশ করে রাশিদ আরও লিখেছেন, ‘মানবজীবনের প্রতি এমন চরম অবহেলা, বিশেষ করে পবিত্র রমজান মাসে, অত্যন্ত ঘৃণ্য ও গভীরভাবে উদ্বেগজনক। এটা শুধু বিভাজন ও ঘৃণাই বাড়াবে। এই নৃশংস ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় নিতে জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি। এই কঠিন সময়ে আফগান জনগণের পাশে আছি। আমরা সব সময়ের মতো আবারও ঘুরে দাঁড়াব, জাতি হিসেবে আবারও উঠে দাঁড়াব। ইনশাআল্লাহ!’
আরেক আফগান তারকা মোহাম্মদ নাবী লিখেছেন, ‘আজ (মঙ্গলবার) রাতে কাবুলের একটি হাসপাতালে অনেক আশা নিভে গেছে। চিকিৎসার জন্য আসা তরুণদের পাকিস্তানি সামরিক বাহিনীর বোমা হামলায় হত্যা করা হয়েছে। মায়েরা হাসপাতালের ফটকে দাঁড়িয়ে ছেলেদের নাম ধরে ডাকছিলেন। রমজানের ২৮তম রাতে তাদের জীবন হঠাৎ করেই থেমে গেল।’