দায়িত্ব পেয়েই বেতন বাড়ানোর ঘোষণা দিলেন তামিম

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে যাওয়ার পর গত মঙ্গলবার বিসিবির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। সাবেক এ অধিনায়ককে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

দায়িত্ব পেয়ে গত মঙ্গল ও বুধবার- দুদিনই বৈঠক করেছে বিসিবির নতুন এই কমিটি। এর মধ্যে গতকাল বৈঠক শেষে নতুন কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে। পাশাপাশি বেতনের আওতাভুক্ত জাতীয় দলের বাইরের পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নতুন কমিটি। একইসঙ্গে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি-ও বাড়ানো হয়েছে। গতকালের বৈঠক শেষে বিষয়টি নিজেই জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

এত দিন ঘরোয়া টি-টোয়েন্টি ও এক দিনের ম্যাচের জন্য ৫ হাজার টাকা করে পেতেন নারী ক্রিকেটাররা। সেটি বাড়িয়ে এখন টি-টোয়েন্টিতে ১০ হাজার ও এক দিনের ম্যাচের জন্য ১৫ হাজার টাকা করা হয়েছে। এর বাইরে চার দিনের ম্যাচ ফি ৮ থেকে থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। বেড়েছে ঘরোয়া চুক্তিতে থাকা ৩৫ নারী ক্রিকেটারের বেতনও। এতদিন ৩০ হাজার টাকা করে পেলেও, সেটি ৪০ হাজার টাকা করা হয়েছে।

শুধু নারী ক্রিকেটার নন, বেতন বেড়েছে ছেলে ক্রিকেটারদেরও। ঘরোয়া ক্রিকেটে তিন ক্যাটাগরি মিলিয়ে বিসিবির সঙ্গে চুক্তিতে আছেন ৯৫ জন ক্রিকেটার। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা এতদিন বেতন পেতেন ৩৫ হাজার টাকা করে। সেটি বাড়িয়ে ৬৫ হাজার করা হয়েছে। ‘বি’ ক্যাটাগরির বেতন ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ ও ‘সি’ ক্যাটাগরির বেতন ২৫ হাজার থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।

বেতনের পাশাপাশি বেড়েছে ছেলেদের ক্রিকেটের ম্যাচ ফি-ও। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।

তামিম ইকবাল আরও জানান, নতুন এই বেতন কাঠামো গতকাল অ্যাপ্রুভ হলেও ১লা জানুয়ারি থেকেই সেটার হিসাব কার্যকর হবে।