আইপিএলে ডাগআউটে মোবাইল, বিপাকে সুরিয়াভানশির রাজস্থান

আইপিএলে গত শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। ওই ম্যাচে মাত্র ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে নেট দুনিয়ায় আলোচনার ঝড় তোলেন ভৈভাব সুরিয়াভানশি। কিন্তু সেই আলোচনা ছাপিয়ে যায় আরেক বিতর্কে, ডাগআউটে বসে রাজস্থানের এক স্টাফের মোবাইল ব্যবহার। আর সে ঘটনায় বিপাকে পড়তে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

আলোচিত ঘটনাটি রাজস্থানের ইনিংসের ১১তম ওভারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন রাজস্থানের টিম ম্যানেজার রোমি ভিন্দার। আর তাঁর পাশে বসে আছেন সুরিয়াভানশি। ওই সময় সুরিয়াভানশিকেও ভিন্দার মোবাইলের দিকে তাকাতে দেখা গেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি বিরোধী নিয়ম অনুযায়ী, ডাগআউটে এভাবে ফোনের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিশিয়ালস এরিয়া (পিএমওএ) ২০২৬ সালের প্রোটোকল অনুসারে, টিম ম্যানেজার সঙ্গে মোবাইল ফোন রাখতে পারলেও সেটা ডাগআউটে ব্যবহার করতে পারবেন না।

ওই নীতিমালায় স্পষ্ট উল্লেখ আছে, ‘দলের কয়েকজন নির্দিষ্ট সদস্য ব্যতীত মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র পিএমওএ এলাকায় ব্যবহার করা যাবে না।’ নীতিমালা অনুসারে, টিম ম্যানেজার ড্রেসিংরুম এলাকায় ফোন ব্যবহার করতে পারলেও ডাগআউটে পারবেন না।

ভিন্দার যেহেতু প্রোটোকল ভঙ্গ করেছেন, এবার কী হতে পারে? ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি যদি প্রোটোকল ভঙ্গের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হয়, তাহলে ভিন্দারকে ম্যাচ রেফারি ও অ্যান্টি-করাপশন ইউনিটের সামনে তলব করা হতে পারে।

বিষয়টি নিয়ে আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে আইপিএলের এক কর্মকর্তা বলেছেন, ‘ম্যানেজার ও মিডিয়া ম্যানেজাররা ফোন বহন করেন, তবে ব্যবহারের নিয়মটা খুবই স্পষ্ট। ডাগআউটে এটি ব্যবহার করা বড় ধরনের লঙ্ঘন। কারণ রোমি খেলোয়াড়দের পাশেই বসেছিলেন এবং তারা ওর ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছিল। এখানে কোনো ‘গ্রে এরিয়া’ নেই। বিষয়টি তদন্ত করা কর্মকর্তাদের দায়িত্ব।’

আলোচিত বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি। ঘটনাটি তদন্তপূর্বক তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ললিত মোদি লিখেছেন, ‘ডাগআউটে মোবাইল ফোন থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা কি সত্যিই ঘটেছে? আশা করছি এমনটা হয়নি। আর যদি হয়ে থাকে, তাহলে আইপিএল গভর্নিং কাউন্সিলকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

আরেক পোস্টে ললিত মোদি প্রশ্ন তোলেন, ‘এটা সম্পূর্ণ নিষিদ্ধ। অ্যান্টি-করাপশন ইউনিট কোথায় ছিল?’