বিসিবিতে গিয়েই দর্শকের জন্য নতুন উদ্যোগ তামিমের

কয়েকদিন আগে আমিনুল ইসলামের বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিসির দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটে বেতন-ভাতা বাড়িয়েছেন। মাঠে লিগ ম্যাচ ফেরাতেও নিয়েছেন উদ্যোগ। এবার মাঠে খেলা দেখতে আসা দর্শকদের সঙ্গে কথা বলতে চান তামিম ইকবাল। খেলা দেখতে গেলে দর্শকদের কোনো সমস্যা হয় কি না, কী ধরনের সমস্যার মুখে পড়েন কিংবা সেবাদান কীভাবে আরও ভালো হতে পারে, এসব ব্যাপারে দর্শকদের সঙ্গে কথা বলবেন তিনি। আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান।

বিসিবির এক ভিডিও বার্তায় তামিম বলেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আমি তামিম ইকবাল। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক কিছু নিয়ে কাজ করি। প্লেয়ার, স্টাফ, কোচিং স্টাফ, আমাদের এমপ্লয়িদের নিয়ে কাজ করি। তাদের সুযোগ সুবিধা কী আছে এসব নিয়ে চিন্তিত থাকি। খেলোয়াড়রা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কি না, এটা নিয়ে আলোচনা করি। স্টাফরা কোনো সমস্যা সম্মুখীন হচ্ছে কি না, এটা নিয়ে আলোচনা করি। কিন্তু এতগুলো বছর ধরে কোনো সময়ই আমাদের সবচেয়ে বড় স্টেকহোল্ডার, যারা আমাদের ফ্যান, যে দর্শকরা মাঠে খেলা দেখতে আসেন, তাদের সুযোগ সুবিধা নিয়ে তাদের সাথে কখনও কথা বলি না বা কথা বলার চেষ্টাও করি না।'

বিষয়টিতে যে পরিবর্তন আনতে চান, সেটি উল্লেখ করে তামিম বলেছেন, ‘আমি এ জিনিসটা পরিবর্তন করতে চাই। আমি চাই একজন দর্শক যখন আমাদের মাঠে, তাঁর মাঠে খেলা দেখতে আসবেন, তাঁর অভিজ্ঞতাটা অভিজ্ঞতার মতোই হোক। সে যেন বাসায় গিয়ে বলতে পারে, চমৎকার পরিবেশে আজ আমার নিজের দলের খেলা দেখেছি।'

বিসিবির অ্যাডহক কমিটির প্রধান যোগ করেন, ‘আপনারা যখন মাঠে আসবেন, গেট দিয়ে ঢুকা থেকে শুরু করে সিটে বসা পর্যন্ত, পানি খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকা থেকে নিয়ে- সব কিছুর অভিজ্ঞতা আপনাদের থেকে জানতে চাই আমি।’

চাইলেই যে সব দর্শকদের সঙ্গে কথা বলা সম্ভব নয়, সেই বাস্তবতাটাও উল্লেখ করেছেন তামিম। একইসঙ্গে এটাও জানিয়েছেন, কীভাবে দর্শকদের বাছাই করবেন, ‘একসাথে তো সবাইকে ডেকে কথা বলতে পারব না। তবে আমরা যে জিনিস এখন থেকে করব- র‍্যান্ডমলি ৫-১০ জন বেছে নিয়ে আমি নিজে তাদের সাথে বসব, তাদের অভিজ্ঞতা জানতে চাইব। কী কী সমস্যা হচ্ছে, কী কী জিনিস ভালো করতে পারি, কোন জায়গায় আরও উন্নতি লাগবে। ইনশাআল্লাহ ১৭ তারিখ প্রথম ম্যাচ থেকেই শুরু করব।'

শুধু তামিমই নয়, বিসিবির অন্যান্য স্টাফরাও দর্শকদের সমস্যার কথা শুনে রিপোর্ট দেবে বলে উল্লেখ করেছেন তিনি। এ প্রসঙ্গে অ্যাডহক কমিটির প্রধান বলেছেন, ‘আমাদের স্টাফরা বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন সময় যাবে, র‍্যান্ডম মানুষের সাথে কথা বলবে এবং এসে আমাকে রিপোর্ট করবে। আশা করি এভাবে অনেকের অভিজ্ঞতা আমরা জানতে পারব। কোন জায়গায় উন্নতি করলে বাংলাদেশ দলের খেলা দেখার অভিজ্ঞতাকে মেমোরি বানাতে পারব। পরের ম্যাচ থেকেই শুরু করব। এবং সামনের হোম সিরিজগুলোতে আপনাদের সুযোগ সুবিধা দিতে চাই।'

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে বসে দেখতে দর্শকদের আহ্বান জানিয়েছেন তামিম, 'আপনারা সবাই প্রথম ম্যাচে মাঠে আসবেন, আপনার দলকে সাপোর্ট করবেন এবং আপনার অভিজ্ঞতা আমাদের শেয়ার করবেন। যাতে আমরা আরও উন্নতি করতে পারি। সবার সাথে দেখা হবে।’