সৌম্য না সাইফ - কে সুযোগ পাবেন, ইঙ্গিত দিলেন মিরাজ

এক সিরিজ আগেই নিজের সর্বশেষ ম্যাচে ম্যাচসেরা হয়েছিলেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৮৬ বলে ৯১ রান করেছিলেন। কিন্তু পরের সিরিজে একটি ম্যাচেও একাদশে রাখা হয়নি এই বাঁহাতি ওপেনারকে। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের শেষে অধিনায়ক মিরাজ অবশ্য সৌম্যকে দলে না রাখার ব্যাখ্যাও দিয়েছেন। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে মিরাজ জানিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেট সৌম্য ছন্দে না থাকায় তাঁকে একাদশে রাখা হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট লিগের তিন ম্যাচে সৌম্যের রান ছিল ০, ৯ ও ৯।

তবে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ফের আলোচনায় সৌম্য সরকার। সর্বশেষ সিরিজে সাইফ হাসানের ব্যর্থতা, আর ওয়ানডেতে সৌম্যর সর্বশেষ পারফরম্যান্সগুলোই সৌম্যকে আলোচনায় রাখছে। এবার তাই নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বাতাসে প্রশ্ন - এবার কি সৌম্যকে সুযোগ দেওয়া হবে? 

সৌম্য সরকারের সর্বশেষ তিনটি আন্তর্জাতিক ম্যাচের রান ৪, ৪৫, ৯১। অপরদিকে বাংলাদেশের আরেক ওপেনার সাইফ হাসানের তিন ম্যাচের স্কোর ৪, ১২, ৩৬। 

আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সাইফ না সৌম্য - কে সুযোগ পাবেন তা নিয়ে যখন আলোচনা চলছে, তখন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, যাকেই সুযোগ দেওয়া হবে লম্বা সময়ের জন্য দেওয়া হবে। এই ব্যাপারে আজ সংবাদ সম্মেলনে মিরাজের ভাষ্য, ‘একজন ব্যাটসম্যানকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। একটি বা দুটি ম্যাচ যথেষ্ট নয়। তিন-চারটি ম্যাচ খেলার পর একজন খেলোয়াড় নিজের ভুল বুঝতে পারে। অধিনায়ক হিসেবে আমার পরিকল্পনা থাকবে যেন সবাই তার জায়গায় সঠিক সুযোগ পায়।’

ওপেনিং জুটির গুরুত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মিরাজ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচে ১০৫ রানের ওপেনিং জুটি গড়েছিলেন সাইফ হাসান ও তানজিদ তামিম। এ নিয়ে  মিরাজ বলেন, ‘আগের সিরিজে আমাদের ওপেনিং পার্টনারশিপ ১০০ প্লাস ছিল, যা দলের জন্য বড় অ্যাডভান্টেজ। শুরুতে উইকেট পড়ে গেলে প্রেসার চলে আসে। আমরা শুধু বড় স্কোর দেখি না, অনেক সময় ১০-২০ রানের ছোট ইনিংসও দলের জন্য ইমপ্যাক্টফুল হতে পারে। আমাদের এসব বিষয় মাথায় রাখতে হয়।’