‘বল বয়’ শব্দটা ব্যক্তিগতভাবে কখনোই খুব একটা ভালো লাগত না আমার। ওরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ‘ফিউচার স্টার্স’' - নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এভাবেই বল বয়দের নতুন স্বীকৃতি দিয়ে পোস্ট দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বল বয়দের কার্যক্রম নতুনভাবে মাঠে ফিরিয়েছে বিসিবি। খুদে ক্রিকেটারদের বাউন্ডারি লাইনে থাকার এই রীতি আন্তর্জাতিক ক্রিকেটে অনেক পুরোনো। তবে নাজমুল হাসান পাপনের বোর্ডের সময়ে বাংলাদেশের ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচে আচমকা বল বয়দের উপস্থিতি বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে ফারুক আহমেদ কিংবা আমিনুল ইসলাম বুলবুল - দুই বোর্ড প্রধানের কেউই তা চালু করেননি।
তামিম বল বয়দের মাঠে ফেরালেন, নতুন নামও দিলেন। ফিউচার স্টার্স নাম দেওয়ার ব্যাখ্যাও তামিম দিয়েছেন ফেসবুক পোস্ট-এ, ‘আশা করি, এই খুদে ক্রিকেটাররা ওদের প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হবে, ওদের স্বপ্নের সীমানা বড় হবে এবং একদিন বাংলাদেশের হয়ে খেলবে। আমিও একসময় ওদের মতোই ছিলাম — আমিও ছিলাম একজন ‘বল বয়।’
বিসিবি প্রধানের এমন উদ্যোগে উচ্ছ্বসিত ফিউচার স্টার্সরাও। আজ ম্যাচ চলাকালীন সময়ে বাউন্ডারি লাইনে ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় খুদে ক্রিকেটারদের। বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায় জাতীয় দলের তারকা ক্রিকেটারদের সঙ্গ পেয়ে কতটা উচ্ছ্বসিত এই ফিউচার স্টার্সরা।
বিসিবির নতুন এই প্রথা চালুর দিনে বাংলাদেশ জয়ের দেখা পেয়েছে। প্রথম টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ।
চট্টগ্রামে জিততে হলে গড়তে হতো রেকর্ড। কারণে এই মাঠে বাংলাদেশ টি-টোয়েন্টিতে কখনো ১৭১ রানের বেশি তাড়া করে জিততে পারেনি। সেটিও আবার আয়ারল্যান্ডের বিপক্ষে। আজ সিরিজের প্রথম ম্যাচে কিউইরা লক্ষ্য দিয়েছিল ১৮৩ রান।
এমন বড় লক্ষ্য পেয়ে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হলেও ম্যাচ হাতছাড়া হতে দেননি তাওহীদ হৃদয়-শামীম হোসেনরা। দুই ওপেনার তামিম-সাইফ ও অধিনায়ক লিটন দ্রুত ফিরে গেলেও হৃদয়ের ২৬ বলে ফিফটি ও শামীম হোসেনের ১৩ বলে ৩১ রানের ক্যামিও ইনিংসে ১২ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চট্টগ্রামে আগামী ২৯ এপ্রিল মুখোমুখি হবে দুই দল।