আইপিএলে সবাইকে ছাড়িয়ে সুরিয়াভানশি

ভৈভাব সুরিয়াভানশি মাঠে নামলেই ব্যাট হাত ঝড় তুলেবন, সেটা যেন এবারের আইপিএলে নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। আর সে ঝড়ে লন্ডভন্ড হয়ে যাচ্ছে রেকর্ডবইও! যথারীতি পাঞ্জাব কিংসের বিপক্ষে গতকাল মঙ্গলবারও ব্যাট হাতে তাণ্ডব চালান ১৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।

এবার ১৬ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৪৩ রান করেছেন সুরিয়াভানশি। তাতে এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের লড়াইয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন সুরিয়াভানশি।

গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।

শুধু রান সংখ্যা নয়, ছক্কা মারার দিক থেকে এবারের আইপিএলে সবাইকে আগেই ছাড়িয়ে গেছেন সুরিয়াভানশি। সেই সংখ্যাটা গতকাল আরেকটু বাড়িয়ে গতকাল ৩৭-এ নিয়ে গেছেন বাঁহাতি এ ওপেনার। ২৮ ছক্কা নিয়ে এ তালিকাতেও দুইয়ে আভিষেক।

শুধু এবারের আইপিএলেই নয়, ছক্কা মারায় অন্য আরেকটা রেকর্ড এ ম্যাচের আগেই নিজের করে নিয়েছেন সুরিয়াভানশি। বয়স ১৯ হওয়ার আগে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক এখন ১৫ বছর বয়সী সুরিয়াভানশি।

গতকালের ম্যাচের ৫টি ছক্কাসহ টি-টোয়েন্টিতে সুরিয়াভানশির ছক্কার সংখ্যা দাঁড়াল ৯৯টি। এতদিন টিনএজার হিসেবে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল রহমানউল্লাহ গুরবাজের দখলে। আফগান তারকা ১৯ বছর হওয়ার আগে ৫২ ইনিংস খেলে ৯০টি ছক্কা মেরেছিলেন। অন্যদিকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ২৭ ইনিংস খেলা সুরিয়াভানশির নামের পাশে এখন ছক্কার সংখ্যা ৯৯! ১৯ বছরে পৌঁছাতে পৌঁছাতে ছক্কার সংখ্যাটা সুরিয়াভানশি কোথায় নিয়ে যান, সেটাই এখন দেখার।

এদিকে সুরিয়াভানশির আরেকটা জ্বলে ওঠার ম্যাচে পাঞ্জাবকে এবারের আইপিএলে প্রথম হারের স্বাদ উপহার দিয়েছে রাজস্থান। গতকাল আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২২ রান তুলেছিল পাঞ্জাব। রান তাড়ায় ইনিংসের ৪ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সুরিয়াভানশির দল।