বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্বে এসেছেন তিনজন- ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল। এই তিন জন বোর্ড প্রধানের দায়িত্ব পালনের পুরোটা সময়েই আলোচনা ছিল সাকিব আলা হাসানের ফেরা নিয়ে।
প্রায় দুই বছর ধরে দেশের বাইরে আছেন সাকিব। বিভিন্ন মামলার জটিলতার জন্য দেশে ফিরে ক্রিকেটও খেলতে পারছেন না। বিসিবির অ্যাডহক কমিটির দায়িত্ব পাওয়া তামিমও এবার সাকিব ইস্যুতে প্রশ্নের মুখে পড়েছেন। অবশেষে আজ সাকিবের ফেরা নিয়ে জবাব দিতে গিয়ে খানিকটা ভিন্ন উত্তর দিয়েছেন তামিম।
সাকিবের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন বাংলাদেশের আরও দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও নাঈমুর রহমান দুর্জয়। সাংবাদিকদের প্রশ্নের কেন্দ্রে সব সময় শুধুই সাকিব কেন থাকে সেই প্রশ্ন আজ রেখেছেন তামিম।
এই ব্যাপারের বিসিবির প্রধান বলেন, ‘আমরা গত এক-দুই বছর ধরে একজন নির্দিষ্ট ক্রিকেটার, নাম বললে সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। আমি অনুরোধ করব এই প্রশ্ন যখন করেন আমাদের তিনজন ক্রিকেটার, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নাঈমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের পরিস্থিতিতে আছেন। আমার মনে হয় না এটা উচিত হবে শুধু একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা। যদি, আপনারা যখন প্রশ্ন করবেন বা আমরা করব তখন অবশ্যই যেন বাকি দুজন সাবেক অধিনায়ককেও সম্মান করি।’
সাবেক অধিনায়কদের বিসিবির তরফ থেকে ক্রিকেটীয় ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তামিম। এই ব্যাপারে তিনি বলেন, ‘ওর (সাকিব) বিষয়টা আলাদা। আমাদের তরফ থেকে ক্রিকেটিং, যেকোন ধরনের সুযোগ-সুবিধা আমরা তাকে স্বাগত জানাব। আইনের যে বিষয়গুলো আছে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমরা নমনীয় হব। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব সাহায্য করতে পারি সেটা আমরা সর্বোচ্চ করব। আমরা তাদের স্বাগত জানাব যদি তারা এই সমস্যা সমাধান করে আসেন।’