পূর্বাভাসেই বলা হয়েছিল, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি বাগড়া দিতে পারে। মিরপুরের আকাশে আজ মেঘ থাকলেও টস হয় নিরাপদেই। এরপর বাংলাদেশ ব্যাটিংয়েও নেমেছিল। কিন্তু কয়েক ওভার যেতেই আর বাধ সাধল না। মুষলধারে বৃষ্টি নামে। সেই বৃষ্টিতে আপাতত বন্ধ আছে ম্যাচ।
বৃষ্টির আগে খেলা হয়েছে ৬.৪ ওভার। তাতে ৩ উইকেট হারিয়ে ৫০ রানে ব্যাটিং করছে বাংলাদেশ। এক প্রান্তে লিটন দাস ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৫ রানে অপরাজিত আছেন। আরেক প্রান্তে তাওহিদ হৃদয় অপরাজিত ২ রানে।
বাংলাদেশ আজ প্রথম উইকেট হারায় ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে। জেইডন লেনক্সের বলে ঠিকঠাক টাইমিং করতে না পেরে ক্যাচ আউট হয়েছেন ১১ বলে ১৬ রান করা সাইফ। ২১ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে জোড়া ধাক্কা খায়। পরপর দুই বলে আউট হন তানজিদ হাসান তামিম (৬) ও পারভেজ হোসেন ইমন (০)। মুহূর্তেই স্কোরবোর্ড রূপ নেয় ৩ উইকেটে ৩৫ রানে।
বাংলাদেশ খানিকটা বিপদে পড়লেও এক প্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন দাস। এর মধ্যে ইনিংসের ৬.৪ ওভার যেতেই বৃষ্টি নামে মিরপুরে। উইকেট ও পিচের আশ পাশের অঞ্চল কাভারে ঢাকা হয়েছে। শুরুতে বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও এখন কিছুটা কমেছে। তবে মাঠের বেশ কয়েক জায়গায় পানি জমেছে।
বৃষ্টিতে যদি বাংলাদেশ আর ব্যাটিংয়ের সুযোগ না পায়, তাহলে নিউজিল্যান্ডের ইনিংস শুরু করার শেষ সময় সন্ধ্যা ৬টার কিছুটা আগ পর্যন্ত। ওই সময়ে খেলা শুরু না হলে ম্যাচ পরিতিক্ত ঘোষণা করা হবে।
এদিকে শুধু বাংলাদেশ যদি আর ব্যাটিংয়ের সুযোগ না পায়, সেক্ষেত্রেও দ্বিতীয় ইনিংস হতে পারে। কেন না, টি-টোয়েন্টিতে দলগুলো অন্তত ৫ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পেলেও ফল বের করা হয়। তখন নিউজিল্যান্ডের টার্গেট ঠিক হবে ডিএলএস মেথডে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, মিরপুরে বৃষ্টি থেমেছে। আপাতত মাঠ প্রস্তুতির কাজ চলছে।