দুদিন আগে একটি সাক্ষাৎকারে নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, টেস্ট অধিনায়কত্বটা উপভোগ করছেন বলেই সেটা চালিয়ে যাচ্ছেন। উপভোগ না করলে দায়িত্বটা ছেড়ে দিতেন আগেই।
শান্ত যে টেস্ট উপভোগ করছেন, সেটার প্রমাণ মিলছে তাঁর ব্যাটেও। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আজ সেঞ্চুরি আদায় করেছেন বাংলাদেশ অধিনায়ক। লাল বলে শান্ত কতটা ছন্দে আছেন, সেটা বাঁহাতি এ ব্যাটসম্যানের সাম্প্রতিক কয়েকটা ইনিংসের দিকে তাকালেই স্পষ্ট। এ নিয়ে টেস্টের সর্বশেষ ৮ ইনিংসের চারবারই তিন অঙ্ক ছুঁলেন তিনি।
সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে শান্তর এটি ৯ম সেঞ্চুরি। উল্লেখযোগ্য বিষয়, টেস্টে ফিফটির (৫টি) চেয়ে সেঞ্চুরির সংখ্যাই বেশি ২৭ বছর বয়সী এ ব্যাটসম্যানের। তাতে একটা অনন্য কীর্তিতে নিজের নামটা আরেকটু এগিয়ে নিয়েছেন শান্ত। টেস্টে অন্তত ২০০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের তালিকায় ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে টেস্ট ইতিহাসেই তৃতীয় সেরা ব্যাটসম্যান শান্ত।
আজকের ম্যাচটিসহ টেস্টে শান্ত ১৪ বার পঞ্চাশ ছুঁয়ে ৯টিই সেঞ্চুরিতে রূপ দিয়েছেন (ফিফটি ৫টি)। ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার শতকরা হিসেবে যা ৬৪.২৯ শতাংশ।
এ তালিকায় শান্তর উপরে আছেন শুধু দুজন। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটিং কিংবদন্তি ডন ব্র্যাডম্যান (১৩ ফিফটির বিপরীতে ২৯ সেঞ্চুরি/ ৬৯.০৫ শতাংশ) ও ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলি (৫ ফিফটির বিপরীতে ১০ সেঞ্চুরি ৬৬.৬৭ শতাংশ)।
উল্লেখযোগ্য বিষয়, শান্তর উপরে থাকা এ দুজনের কেউ-ই আর বেঁচে নেই। বর্তমানে খেলছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ায় শান্তই সবার ওপরে। এখনকার ব্যাটসম্যানদের মধ্যে কাছাকাছি আছেন শুধু ভারতের শুভমান গিল (৮ ফিফটির বিপরীতে ১০ সেঞ্চুরি/ ৫৫.৫৬ শতাংশ)। এর বাইরে ৫০ শতাংশের কাছাকাছি আছেন শুধু কোহলি (৩১ ফিফটির বিপরীতে ৩০ সেঞ্চুরি/ ৪৯.১৮ শতাংশ)।
সেঞ্চুরির পর আজ ইনিংসটা অবশ্য টেনে নিতে পারেননি শান্ত। আউট হয়েছেন পরের বলেই। শান্তর সেঞ্চুরির সঙ্গে মুমিনুল হকের ৯১ রানে ভর করে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথেই আছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৮৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।