টেস্ট ক্রিকেটে দলের উন্নতি দেখছেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে ইনিংস ঘোষণার মতো সাহসী সিদ্ধান্ত নিতে শক্তি যুগিয়েছে বোলিং ইউনিট, ম্যাচ শেষে জানান অধিনায়ক। বিপরীতে হারের আক্ষেপ নিয়ে টাইগাদের পারফরম্যান্সের প্রশংসা করেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
ঢাকা টেস্টের শেষদিনের শেষ সেশন পর্যন্ত স্নায়ুর লড়াই। ৯ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা নিয়েও হয়তো দোটানা ছিল। সময় বুঝে সঠিক নেতৃত্বের যুৎসুই উদাহরণ হলেন নাজমুল হোসেন শান্ত। তারঁ নেতৃত্বে সতের টেস্টে সাত জয় বাংলাদেশের; ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম। বোলিং ইউনিটের ওপর আস্থা রেখেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয়ার কথা জানান শান্ত।
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা এ জন্যই ইনিংস ঘোষণা করেছি; কারণ কোয়ালিটি বোলার আছে, দারুণ বোলিং করেছে।’
পিএসএলে পেশোয়ার জালমিকে শিরোপা জিতিয়ে ফেরা নাহিদ রানা দ্যুতি ছড়ালেন। টাইগার পেসারের গতির কাছে ধসে গেছে প্রতিপক্ষের ইনিংস। পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের হ্যাটট্রিকে, দ্বিতীয়বার ৫ উইকেট শিকার নাহিদ রানার।
নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ওরা জানে রানাকে বাউন্সার মারলে খেতে হবে। এখন আমরা জবাব দিতে পারি, আমরা উন্নতি করছি।’
এদিকে, হারলেও দলের চেষ্টাকে প্রশ্নবিদ্ধ করতে রাজি নন পাকিস্তান অধিনায়ক। প্রশংসা করেছেন টাইগার তারকাদের।
পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ বলেন, ‘দলের সদস্যদের চেষ্টা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। প্রায় ছয় মাস পর আমরা এই ফরম্যাটে খেলছি। অভিষেক ম্যাচে দলের অনেকে ভালো খেলেছে, সাহস দেখিয়েছে। শান্ত, মুমিনুল তাদের পারফরম্যান্সে কৃতিত্ব পাওয়ার দাবি রাখে।’
টেস্টে উন্নতির পথে এগোচ্ছে দল। ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নাজমুল শান্তর। টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশকে এগিয়ে রাখতে চান।