গতকাল মঙ্গলবারের আগ পর্যন্ত টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় ছিল দুটি। সেই দুটি জয়ই ছিল পাকিস্তানের মাটিতে। ঘরের মাঠে জয়ের যে আক্ষেপ ছিল এতদিন, সেটা মিটেছে গতকাল। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশে। একইসঙ্গে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন ফিল সিমন্সের শিষ্যরা।
সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ ৩ টেস্টেই জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এ জয়ে গতকালই জাতীয় দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবার আইসিসি থেকেও সুখবর পেয়েছেন নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা। আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার।
অনুমিতভাবে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১০১ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ৮৭ রান করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এমন দুর্দান্ত পারফরম্যান্সের জেরে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন শান্ত। বর্তমানে ২৪ নম্বরে আছেন তিনি।
শান্তর মতো বড় লাফ দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই ফিফটি (৯১ ও ৫৬) করা মুমিনুল হকও। ১২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়া মুশফিক দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন।
তবে ব্যাটসম্যানদের মধ্যে বড় পতন হয়েছে লিটন দাসের। ৬ ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে নেমে গেছেন তিনি। ওপেনার সাদমান ইসলাম পিছিয়েছেন ৪ ধাপ (বর্তমানে ৫৮ নম্বরে)।
বোলারদের র্যাঙ্কিংয়ে তাইজুল ইসলাম ৩ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন। মেহেদী হাসান মিরাজ আগের জায়গাতেই (২৭ নম্বরে) আছেন। তবে নাহিদ রানা ৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬৪ নম্বরে উঠেছেন।
দলীয় র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। আগের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ নম্বরেই আছে বাংলাদেশ।