বাংলাদেশের পেস বোলিংয়ে রীতিমত তুরুপের তাসে পরিণত হয়েছেন নাহিদ রানা। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন এই ডানহাতি পেসার। অজিদের বিপক্ষে ৪ উইকেট পাওয়ার পর দিনই আইসিসি থেকে সুখবর পেয়েছেন নাহিদ।
দুর্দান্ত পারফরম্যান্সের পর ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন এই পেসার। এটিই ওয়ানডেতে নাহিদের ক্যারিয়ারসেরা র্যাঙ্কিং।
আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে আছেন মেহেদী হাসান মিরাজ। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছেন মিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ না পাওয়া বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ১ ধাপ নেমে ২৮ নম্বরে আছেন।
বাংলাদেশের বিপক্ষে বোলিং দারুণ পারফরম্যান্স করা নাথান এলিস ১৩ ধাপ এগিয়ে ৩১ নম্বরে অবস্থান করছেন। ১০ ওভারে ১ মেডেন ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।
এদিকে ব্যাটসম্যানদের মধ্যে এগিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম ওয়ানডেতে ৪৪ বলে ৫৪ রানের ইনিংস খেলে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছেন এই ওপেনার। সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে তামিম আছেন ৩৩তম স্থানে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭ রান করা নাজমুল হোসেন শান্ত দুই ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সবার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল।