আজ বুধবার জাম্বিয়ায় শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে বাংলাদেশ টাইগার্স। আর সেই দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব পেয়েছেন তিনি। সাকিব ছাড়াও বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন অলক কাপালি, তুষার ইমরান, মেহেদী মারুফ, আরিফুল হক, শফিউল ইসলাম, মুক্তার আলীরা।
বাংলাদেশ টাইগার্স ছাড়াও এবার এশিয়ান লিজেন্ডস লিগে অংশ নিচ্ছে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়েলস, পাকিস্তান প্যান্থারস, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স। আজ শুরু হওয়া টুর্নামেন্ট চলছে আগামী ১০ আগস্ট পর্যন্ত।
বাংলাদেশ টাইগার্স স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল, সাদেকুর রহমান।