ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী হত্যার হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। গত কয়েকমাস ধরেই বিভিন্ন ধরনের হুমকি পেয়ে চিঠি পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি চিঠিতে সৌরভ ও তাঁর স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমন চিঠি পেয়ে এবার কলকাতা পুলিশের কাছে অভিযোগ করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা সৌরভ গাঙ্গুলী সোমবার দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই দিন তার অফিসে দুটি চিঠি আসে।
পুলিশের কাছে করা অভিযোগে সৌরভ উল্লেখ করেছেন, প্রায় ছয় মাস ধরে তাঁর নামে এসব চিঠি আসছিল। তবে শুরুতে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি তিনি। কিন্তু সোমবার পাওয়া দুটি চিঠিতে সরাসরি সৌরভ ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার পাশাপাশি তাঁদের কাছের মানুষদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে। চিঠির ভেতরের তথ্য, এগুলোর উৎস এবং কুরিয়ারের মাধ্যমে কীভাবে চিঠি পাঠানো হয়েছে— এসব খতিয়ে দেখে হুমকি দেওয়া ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ নিয়ে বলেন, ‘আমরা অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং তদন্ত শুরু করেছি। এর পেছনে দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে চিঠির ভাষা, পাঠানোর উৎস ও কুরিয়ার সার্ভিসের বিবরণ খতিয়ে দেখা হচ্ছে।’