প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ দলকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তবে সেই সবকিছুকে এখন অতীত করে ডারউইন টেস্টে জয়ের হাতছানি বাংলাদেশের। ডারউইনে তৃতীয় দিন শেষে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, ঘুরে দাঁড়ানোর বিশ্বাসই তাদের প্রেরণা হিসেবে কাজ করেছে।
এই অলরাউন্ডারের মতে, কঠিন পরিস্থিতিতেও(প্রস্তুতি ম্যাচের পর) দলের প্রতিটি খেলোয়াড় বিশ্বাস রেখেছেন যে তারা ঘুরে দাঁড়াতে পারবেন এবং ভালো ক্রিকেট খেলতে পারবেন।
দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমরা সবাই বিশ্বাস করেছি যে আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং ভালো ক্রিকেট খেলতে পারি। প্রত্যেকটা খেলোয়াড়ের ভেতরেই এই বিশ্বাসটা ছিল। ম্যানেজমেন্টও সবসময় আমাদের সাপোর্ট করেছে।’
প্রথম ইনিংসে ৬৫ রানের ইনিংস খেলার পর বল হাতে স্টিভেন স্মিথের উইকেট নিয়েছেন মিরাজ। দুর্দান্ত পারফরম্যান্স করলেও এখনো অনেক কাজ বাকি আছে বলে মনে করেন এই অলরাউন্ডার।
বাংলাদেশের লক্ষ্য জানিয়ে মিরাজ বলেন, ‘যে উইকেটগুলো আমরা পেয়েছি অনেক কষ্ট করেই নিতে হয়েছে। তাই আমরা চেষ্টা করছি রানটা যতটা আটকানো যায় এবং এই রানের মধ্যে যদি আরও তিন থেকে চারটা উইকেট নিতে পারি, তখন আমাদের জন্য সহজ হবে। হয়তো রানের লক্ষ্যও বেশি থাকবে না।’
চতুর্থ দিনে ৬৭ রানে পিছিয়ে থেকে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ইনিংস ব্যবধানে জয় সম্ভব না হলেও বাংলাদেশের লক্ষ্য অল্পতেই অজিদের আটকে দিয়ে ছোট লক্ষ্য তাড়া করা। ক্রিজে ৪৩ রান করে অপরাজিত আছেন ক্যামেরন গ্রিন, সঙ্গী আলেক্স ক্যারি খেলছেন ১৯ রানে।