ডারউইনে বাংলাদেশের কাছে নাকানি-চুবানি খাওয়ার পর অস্ট্রেলিয়ার সামনে এখন যেন একের পর এক বিপদ। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামার আগেই দলটাকে মোকাবিলা করতে হচ্ছে এক অচেনা শত্রুর। সেই শত্রুর নাম- ম্যাকাইয়ের রহস্যময় উইকেট। যে উইকেটেই লুকিয়ে আছে প্যাট কামিন্সদের ভাগ্য।
আগামী শনিবার শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হতে যাচ্ছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায়। রহস্যটা এ মাঠের উইকেটকে নিয়েই। কেননা, এই ভেন্যুতে অস্ট্রেলিয়া দল এর আগে কখনোই কোনো টেস্ট ম্যাচ খেলেনি!
আন্তর্জাতিক টেস্ট না হলেও ম্যাকাইয়ে এ পর্যন্ত চারদিনের ম্যাচ হয়েছে চারটি। তার মধ্যে দুটিতে জিতেছে আগে ব্যাটিং করা দল, বাকি দুটিতে জয় এসেছে রান তাড়া করে। তিনটি ওয়ানডেতেও একই রকম দ্বিধা — দুটিতে জিতেছে আগে ব্যাটিং করা দল, একটি হয়েছে পরিত্যক্ত। আর দুটি টি-টোয়েন্টিতেও ফলাফল ভাগাভাগি। অর্থাৎ পরিসংখ্যান বলছে, এই উইকেট নিয়ে নিশ্চিত করে কিছু বলার উপায় নেই। ফলে এবার টস জেতাটাই হতে পারে সবচেয়ে বড় ফ্যাক্টর।
তবে অস্ট্রেলিয়ার জন্য বড় চিন্তার জায়গা হতে পারে ম্যাচের শুরুর সময়টা। স্থানীয় আবহাওয়া ও ঠান্ডা কন্ডিশনের কারণে উইকেটে থাকতে পারে আর্দ্রতা। আর সেই সুযোগ কাজে লাগাতে পারেন দুই দলের পেসাররা।
প্রথম টেস্টে হাসান মাহমুদ, তাসকিন আহমেদদের পেস আক্রমণের সামনে অসহায় হয়ে পড়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। এবার ম্যাকাইয়ের উইকেট যদি শুরুতে পেসারদের সাহায্য করে, তাহলে নতুন করে চাপ তৈরি হতে পারে অজি ব্যাটসম্যানদের ওপর।
অন্যদিকে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের জন্য সহজ হতে পারে উইকেট। দ্বিতীয় ও তৃতীয় দিনে রান করার সুযোগ বাড়তে পারে। তবে চতুর্থ-পঞ্চম দিনে উইকেটে ফাটল ধরলে স্পিনাররাও বড় ভূমিকা রাখতে পারেন। তখন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম হয়ে উঠতে পারেন গুরুত্বপূর্ণ অস্ত্র।
শুধু উইকেট নয়, মাঠের বাইরেও অস্ট্রেলিয়ার জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ। ডারউইন টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে আইসিসির জরিমানার মুখে পড়তে পারে পুরো দল। দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের চেয়ে ৪ ওভার কম বোলিং করেছিল অস্ট্রেলিয়া। আইসিসির নিয়মে প্রতি ওভার কমের জন্য কাটা যেতে পারে ম্যাচ ফির ৫ শতাংশ। সব মিলিয়ে পুরো দলের জরিমানা গিয়ে দাঁড়াতে পারে প্রায় ৪৪ হাজার অস্ট্রেলিয়ান ডলারে — বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৮ লাখ টাকা। শুধু তা-ই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকা থেকেও কাটা যেতে পারে ৪ পয়েন্ট। অথচ এই মুহূর্তে ৮৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে অস্ট্রেলিয়া। ফাইনালের দৌড়ে এই পয়েন্ট কাটা তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে — ঠিক যেমনটা হয়েছিল ২০২০ সালে, যখন একই কারণে পয়েন্ট হারিয়ে ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই উঠতে পারেনি তারা।
উইকেট আর নিয়মের চাপের মধ্যেই নিজেদের একাদশেও পরিবর্তন আনতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া। ডারউইনে দুই ইনিংসেই ব্যর্থ হওয়া ওপেনার জেক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে ম্যাট রেনশকে।
সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার সামনে এখন একাধিক চ্যালেঞ্জ। প্রতিপক্ষ বাংলাদেশ, দুশ্চিন্তা ম্যাকাইয়ের রহস্যময় উইকেট। এই অচেনা মাঠে কি ঘুরে দাঁড়াতে পারবে অস্ট্রেলিয়া? নাকি ম্যাকাইয়ের উইকেটের রহস্য ভেদ করে ইতিহাসের আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ? উত্তর মিলবে শনিবার থেকে।