২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এরপর পেরিয়ে গেছে ২৩ বছর। মাঝের এই দুই দশকের বেশি সময়ে আর কখনো অস্ট্রেলিয়ায় খেলা হয়নি টাইগারদের। সম্প্রতি সেই অপেক্ষার অবসান হয়েছে। আর তাতেই ক্রিকেট দুনিয়াকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়ে ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। সেটাও আবার ১১ সেশনেই দাপট দেখিয়ে। বাংলাদেশ সময় আগামী শনিবার ম্যাকাইয়ে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আর সেই ম্যাচে বাংলাদেশ দাঁড়িয়ে দারুণ এক রেকর্ডের সামনে। গত ১৩৯ বছরে যা কেউ করতে পারেনি, ম্যাকাইয়ে সেই বিরল অর্জন হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে!
তা কী সেই বিরল অর্জন? সর্বশেষ ১৩৯ বছরে ঘরের মাঠে টেস্টে কখনো হোয়াইটওয়াশ হয়নি অস্ট্রেলিয়া। সর্বশেষ অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ধবলধোলাই করতে পেরেছে ইংল্যান্ড। সেটা ১৮৮৭ সালে। দুই ম্যাচের সেই অ্যাশেজ সিরিজে ইংলিশরা জিতেছিল ২-০ ব্যবধানে। ঘরের মাঠে ওই একবারই টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া। সেটাই প্রথম, সেটাই শেষ।
এরপর গত ১৩৯ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে একাধিক ম্যাচের টেস্ট সিরিজ হয়েছে ১১০ টি। এর একটিতেও হোয়াইটওয়াশ হয়নি অজিরা। ঘরের মাঠে অস্ট্রেলিয়া কতটা দুর্দান্ত- সেটার ধারণা পাওয়া যায় সাম্প্রতিক বিভিন্ন সিরিজের ফল থেকেও। ঘরের মাঠে সর্বশেষ ১০ বছরে খেলা ১৩ টেস্ট সিরিজের মোটে ২টিতে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। দুবারই ভারতের কাছে (২০১৮ ও ২০২০ সালে)। এছাড়া ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আরেকটা সিরিজ ড্র করেছিল অস্ট্রেলিয়া। নিজেদের করে নিয়েছে বাকি ১০টি সিরিজই।
সেই অস্ট্রেলিয়াকে এবার ধবল ধোলাইয়ের লজ্জায় ফেলার পথে বাংলাদেশ। গত ১৩৯ বছরে যা কেউ পারেনি, বাংলাদেশ কি পারবে সেটা করে দেখাতে? উত্তর মিলতে শুরু করবে শনিবার সকাল থেকে।