টেপ দিয়ে জার্সি নাম্বার ঢেকে আলোচনায় সুরিয়াভানশি

বহুল প্রতীক্ষিত দুলীপ ট্রফিতে অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারলেন না ভৈভাব সুরিয়াভানশি। নর্থ-ইস্ট জোনের বিপক্ষে ইস্ট জোনের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাত্র ৮ রান করে আউট হয়েছেন তিনি। ব্যাট হাতে বাজে দিনে সুরিয়াভানশি আলোচনায় এসেছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। মাঠ ছাড়ার সময় দেখা গেছে, সুরিয়াভানশির জার্সির একটা অংশ টেপ দিয়ে ঢেকে রাখা।

সুরিয়াভানশির জার্সি নম্বর ছিল মূলত ১৩। কিন্তু মাঠ ছাড়ার সময় দেখা গেছে, দশকের ঘরে থাকা ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে জার্সি নাম্বার হিসেবে শুধু ৩ সংখ্যাটি দেখা যাচ্ছিল। তবে ঠিক কী কারণে সুরিয়াভানশি এমনটা করেছিলেন, সেটার সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিজের জার্সি নম্বর ‘৩’ রাখার জন্যই হয়তো তিনি এমনটি করে থাকতে পারেন।

অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে, আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ৩ নাম্বার জার্সি গায়ে খেলেন সুরিয়াভানশি। ধারণা করা হচ্ছে, দুলীপ ট্রফির জার্সিতে ‘ভুল’ নম্বর ছাপা হয়ে থাকায়, সেটি আড়াল করতেই টেপ ব্যবহার করা হয়েছে।

জার্সি নিয়ে আলোচনার এ ম্যাচে সুরিয়াভানশি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেন। কিন্তু এ ম্যাচে তাঁর ইনিংস খুব বেশি দীর্ঘ হয়নি। যদিও দ্বিতীয় ওভারের শেষ বলে বিদায় নেওয়ার আগে মনিপুরের পেসার বিশ্বজিৎ কন্থৌজামকে টানা দুইটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি। এরপর সেই বিশ্বজিতের বলেই আউট হয়েছেন।