শরীফুলকে কাউন্টিতে খেলার এনওসি না দেওয়ার কারণ জানাল বিসিবি

হাসান মাহমুদের পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন আরেক বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। তবে কাউন্টিতে খেলতে শরীফুলকে এনওসি বা অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি, ওয়ার্কলোড ও সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফেরার বিষয়টি বিবেচনা করে শরীফুলকে এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফীস। ক্রিকবাজকে তিনি বলেছেন, ‘শরীফুলের ওয়ার্কলোড এবং সামনে থাকা আন্তর্জাতিক সূচির কথা বিবেচনা করে ওকে এনওসি দেওয়া হয়নি। আগামী তিন মাসে আমাদের পাঁচটি টেস্ট, সাতটি টি-টোয়েন্টি এবং ছয়টি ওয়ানডে ম্যাচ রয়েছে।’

জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার ভাষায়, ‘শরীফুল তিন সংস্করণেই খেলে। ও হ্যামস্ট্রিংয়ের চোট থেকে মাত্রই ফিরেছে। তাই ওকে যদি কাউন্টির চারটি ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়, তাহলে ওর শরীরের ওপর যে চাপ পড়বে, সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন। এতে হয়তো সে আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য পুরোপুরি ফিট নাও থাকতে পারে।’

নাফীস জানান, এ কারণেই দলের ব্যবস্থাপনা ও মেডিক্যাল বিভাগ মনে করছে, শরিফুলের জন্য এখন ম্যাচ খেলার চেয়ে অনুশীলন করে ফিট থাকা এবং আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত হওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

এদিকে শরীফুলকে এনওসি দেওয়া না হলেও কেন্টের হয়ে কাউন্টিতে খেলার অনুমতি পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। এ প্রসঙ্গে নাফীস বলেছেন, ‘খালেদকে কেন্টের হয়ে খেলার অনুমতি দেওয়া হয়েছে, কারণ সে পুরোপুরি ফিট এবং সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচও খেলেনি।’