আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন তাওহীদ হৃদয়, জায়গা হয়নি তাসকিন আহমেদ ও অমিত হাসানের।
জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকটা ভালো হয়নি হৃদয়ের। তবে এ দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি করাই নির্বাচকদের মন জিতেছেন হৃদয়।
এই ডানহাতি ব্যাটসম্যান দলে ফিরলেও আফগানিস্তান টেস্টের স্কোয়াডে জায়গা হয়নি বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানার। এখনো চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এই ডানহাতি পেসার। রানাকে দলে না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। বিসিবির প্রত্যাশা পুরোপুরি ফিট হয়েই ফিরবেন তিনি।
রানা কবে ফিরবেন তা জানিয়ে বাশার বলেন, ‘নাহিদ রানাকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। নাহিদ রানাকে পাওয়া যাবে সামনের মাসের ১০ তারিখ থেকে। সেহেতু তিনি বাদ পড়ে গেছেন টেস্ট ম্যাচ থেকে। ১০ তারিখে তাকে পাওয়া যাবে। আপনারা জানেন আমরা প্রাধান্য দিচ্ছি টেস্টকে, আমাদের পরবর্তী পাঁচটি টেস্ট ম্যাচ।’
বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দুই সিরিজ। আফগানিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় দলের অন্যতম ভরসা তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়েছে বোর্ড। তাসকিন আবার কবে ফিরবেন সেই ব্যাখ্যাও দিয়েছেন হাবিবুল বাশার।
তাসকিনকে বিশ্রাম দেয়ার কারণ জানিয়ে বাশার বলেন, ‘তাসকিন আহমেদকেও আমরা এই টেস্ট ম্যাচটাতে বিশ্রাম দিয়েছি। তাকে আমরা যেহেতু প্রাধান্য দিচ্ছি আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য, তাই তাকে যেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচটাতে পুরোপুরিভাবে পাই, তার জন্য এই টেস্ট ম্যাচটাতে তাকেও রাখা হয়নি।’
অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে ব্যাকআপ উইকেটকিপার হিসেবে ছিলেন অমিত হাসান। তবে আফগানিস্তান টেস্টে জায়গা পাননি তিনি। দলে ফেরানো হয়েছে জাকের আলীকে।
দল থেকে বাদ পড়লেও প্রধান নির্বাচক জানিয়েছেন পরিকল্পনায় আছেন অমিত। এদিকে সাউথ আফ্রিকায় জাকেরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাশার, ‘যেহেতু আমাদের আফগানিস্তানের পর টেস্ট ম্যাচগুলি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, আপনার-ওয়েস্ট ইন্ডিজ, তারপর দক্ষিণ আফ্রিকা, তারপর ইংল্যান্ড; এগুলোতে আসলে আমাদের একটু অভিজ্ঞতারও খুব প্রয়োজন এবং প্রমাণিত খেলোয়াড়দেরও একটু বেশি প্রয়োজন। অমিত হাসান মাত্র শুরু করেছেন, তার অবশ্যই ভবিষ্যতে সুযোগ আসবে; কিন্তু এই টেস্ট ম্যাচগুলোতে আমরা আসলে একদম আমাদের যারা অভিজ্ঞ খেলোয়াড়, যারা আগে খেলেছেন, পারফর্ম করেছেন, তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করছি।’
আগামী ৯ অক্টোবর আরব আমিরাতে আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট।