জিম্বাবুয়ের বিপক্ষে কেন নেই লিটন-মিরাজ?

বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের শুরুটা হয়েছে দুঃসংবাদ দিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে নেই লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। এই সিরিজ দিয়ে ওয়ানডের অধিনায়কত্বের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছিলেন লিটন। 

তবে ইনজুরির কারণে আর তা সম্ভব হয়নি। লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়।

জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়, পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন এই উইকেটকিপার। 

এক ভিডিও বার্তায় লিটনের ইনজুরির আপডেট জানিয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, ‘লিটন কুমার দাস গতকাল ডানপাশের হিপ জয়েন্টে একটা অভিযোগ করার কারণে আমরা তার একটা এমআরআই করাই। সেখানে রিপোর্টে এসেছে, তার একটু সমস্যা আছে রাইট হিপ জয়েন্টে।’

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলার চেষ্টাও করেছিলেন লিটন। এই ব্যাপারে ফিজিও বলেন, ‘তারপরও (লিটন) চেষ্টা করেছে আজকে ফিটনেস টেস্টে (খেলতে) পারা যায় কিনা। তবে সে খেলতে পারছে না। আমরা যে বেঞ্চমার্ক চেয়েছি সেটা সে হিট করতে পারেনি। ফলে তার এই সিরিজে থাকা হচ্ছে না।’

লিটনের সিরিজ থেকে ছিটকে যাওয়ার বার্তার পর বিসিবি মেহেদী হাসান মিরাজকে নিয়েও আপডেট জানিয়েছে। 

আরেক ভিডিও বার্তায় ফিজিও  বায়েজিদ ইসলাম বলেন, ‘মেহেদী হাসান মিরাজ ৩ দিন ধরে জ্বরে ভুগছেন। তিনি আজকের ম্যাচে খেলতে পারবেন না।’

লিটন সিরিজ থেকে ছিটকে গেলেও মিরাজকে পরের ম্যাচে পাওয়ার আশা করছে বিসিবি। 

এদিকে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে জিম্বাবুয়ে। ৭ ওভারে ২৪ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। প্রথম ৩টি উইকেট নেন তাসকিন আহমেদ। 

তবে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ৮৬ রান। ক্রিজে আছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিন(২৫*) ও ব্রেন্ডন টেইলর(৩৮*)।