বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ,  নিশ্চিত করল মেলবোর্ন রেনেগেডস

রিশাদ হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজুর রহমান, কয়েক দিন আগেই খবরটি জানা গিয়েছিল। বিগ ব্যাশের আসন্ন মৌসুমে বাংলাদেশি বাঁহাতি পেসার খেলবেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে।

খবরটি কয়েক দিন আগে প্রকাশ্যে এলেও বিষয়টি নিয়ে এতদিন কিছু জানায়নি মেলবোর্ন রেনেগেডস। অবশেষে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বৈচিত্র্যময় বোলিং, গতিতে ভিন্নতা এবং ডেথ ওভারে কার্যকারিতার জন্য মোস্তাফিজকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ সবসময়ই তুঙ্গে। তবে এর আগে আইপিএল, পিএসএলসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের লিগে খেললেও কখনো বিগব্যাশে খেলা হয়নি মোস্তাফিজের। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ৩৩১ টি-টোয়েন্টি খেলা মোস্তাফিজের সেই অপূর্ণতা এবার পূরণ হতে যাচ্ছে।

মূলত মেলবোর্ন রেনেগেডসের অভিজ্ঞ বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটের কারণে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন। তাঁর জায়গায় মোস্তাফিজকে দলে নিয়েছে রেনেগেডস। তবে আইএল টি-টোয়েন্টিতে খেলার ব্যস্ততা থাকায় পার্থ স্কর্চার্সের বিপক্ষে রেনেগেডসের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মোস্তাফিজ।

ক্লাবের এক বিবৃতিতে মোস্তাফিজ বলেছেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবার বিগ ব্যাশে খেলতে আমি মুখিয়ে আছি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা আমার জন্য বিশেষ কিছু হবে। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে তর সইছে না।’

মোস্তাফিজকে দলে পেয়ে উচ্ছ্বসিত রেনেগেডসের নতুন কোচ লুক রনকি। জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের পর তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে বাংলাদেশি পেসারকে দলে পেয়েছেন তিনি।

রনকি বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-টোয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজ নিজেকে প্রমাণ করেছেন। পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ দিকে উইকেট নেওয়ার দারুণ সামর্থ্য আছে তাঁর। আমাদের বোলিং আক্রমণে ঠিক এমন একজনকেই দরকার ছিল।’